
সড়কের ওপরেই ইট-বালুর অবৈধ ব্যবসা। কোথাও দুপাশে অবৈধভাবে গড়ে উঠেছে দোকানপাট। এ দুটি কারণে মদনপুর-জয়দেবপুর (ঢাকা বাইপাস) সড়কের সোনারগাঁয়ের নয়াপুর বাজার এলাকা এক ভোগান্তির নাম হয়ে দাঁড়িয়েছে।
বিভিন্ন পরিবহনের চালক ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম বন্দর থেকে দেশের উত্তরাঞ্চলসহ রাজধানীর আশপাশের জেলাগুলোর বিভিন্ন শিল্পকারখানার পণ্য পরিবহনের রুট হিসেবে পরিচিত মদনপুর-জয়দেবপুর সড়ক। এ সড়কের নয়াপুর বাজার থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর পর্যন্ত পাঁচ কিলোমিটারে দিনরাত সব সময়ই মালবাহী ট্রাক, লরিসহ বিভিন্ন যান দীর্ঘ যানজটে আটকা থাকছে। সময়মতো পৌঁছতে পারছে না আমদানি-রপ্তানি পণ্য।
গতকাল বুধবার দুপুরে সরেজমিনে দেখা যায়, নয়াপুর বাজারের অন্তত চারটি স্থানে সড়কের পাশেই ইট-বালু ফেলে রাখা হয়েছে। এ ছাড়া সড়ক ঘেঁষে তৈরি করা হয়েছে ২০০-২৫০টি অবৈধ দোকানপাট। এই জায়গা রেলওয়ের সম্পত্তি। মদনপুর এলাকায়ও রেলওয়ের জায়গায় শতাধিক অবৈধ দোকানপাট চোখে পড়ে। এসব স্থাপনার কারণে সড়ক সংকুচিত হয়ে পড়েছে। ফলে সড়কের দুই পাশেই পণ্যবাহী বহু ট্রাক, লরি, যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহন দীর্ঘ যানজটে আটকা পড়ে আছে।
চট্টগ্রাম থেকে ঢাকার গাজীপুরের একটি তৈরি পোশাক কারখানার জন্য পণ্য নিয়ে আসা এক লরির চালক নিয়াজ উদ্দিন বলেন, ‘এ সড়কের কাছাকাছি আসলেই আমাদের চিন্তা বেড়ে যায়। কারণ, মাত্র পাঁচ কিলোমিটার এলাকায় ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়ে থাকি।’
নারায়ণগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বলেন, দুর্ভোগের কারণে অনেক চালক এ সড়ক ব্যবহার করতে চান না। কিন্তু বিকল্প না থাকায় এ সড়ক ব্যবহার করতে হচ্ছে।
স্থানীয় সাদিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রশিদ বলেন, ‘সড়কের ওপর ইট-বালুর ব্যবসা ও অবৈধ দোকানপাট থাকার বিষয়টি আমি লিখিতভাবে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপস্থাপন করেছিলাম। কিন্তু ফলাফল শূন্য।’
কাঁচপুর হাইওয়ে থানার ওসি শেখ শরীফুল আলম বলেন, পুলিশের তৎপরতায় সড়কে যানজট আগের চেয়ে কমেছে। স্থানীয় প্রশাসন সড়কের ওপর থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করলে যানজট থাকবেই না।
ইউএনও আবু নাছের ভূঞা বলেন, ‘ওই সম্পত্তি রেলওয়ের হওয়ায় আমরা উচ্ছেদ অভিযান চালাতে পারছি না। বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা অবৈধ দখলদারদের উচ্ছেদের জন্য নোটিশ দিয়েছে।’