পাঁচ কিলোমিটার ঘুরে যাতায়াত করছে ফেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে লৌহজং টার্নিং পয়েন্ট পরিহার করে বিকল্প পথে ফেরি দিয়ে যান পারাপার অব্যাহত রাখা হয়েছে। গত শুক্রবার থেকে পাঁচ কিলোমিটার পথ ঘুরে পালেচর ও মঙ্গলমাঝি হয়ে যাতায়াত করতে হচ্ছে।

এদিকে চার দিন আগে লৌহজং টার্নিং পয়েন্ট দিয়ে যাওয়ার সময় পদ্মার চরে আটকে পড়া টাপলো নামের ফেরি যানবাহনসহ এখনো সেখানেই আছে।

শিমুলিয়া ঘাটের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা যায়, শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথের লৌহজং টার্নিং পয়েন্টে নাব্যতা-সংকটের কারণে গত ২০ আগস্ট থেকে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। তখন থেকে খননযন্ত্র দিয়ে নদী খননের দাবি জানানো হচ্ছিল। লৌহজং টার্নিং পয়েন্টে প্রচণ্ড স্রোত থাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) খননযন্ত্র দিয়ে সেখানে কাজ করতে পারছিল না। পরে পদ্মা সেতুর খননকাজের ঠিকাদারি প্রতিষ্ঠান সিনোহাইড্রো তাদের জরিপ শেষে এক সপ্তাহ আগে খননকাজ শুরু করে। খননকাজের সুবিধার জন্য নৌপরিবহন মন্ত্রণালয় থেকে ১১ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।

জরুরি প্রয়োজনে কর্তৃপক্ষ বিকল্প পথে চারটি কে টাইপ ফেরি দিয়ে যানবাহন পারাপার অব্যাহত রাখে। ওই সব ফেরিকে লৌহজং টার্নিং পয়েন্ট পরিহার করে পাঁচ কিলোমিটার পথ ঘুরে চলাচল করতে হচ্ছে। এ জন্য শিমুলিয়া ঘাট থেকে যেতে আড়াই ঘণ্টা সময় লাগছে। আর কাওড়াকান্দি থেকে ফিরতে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা সময় লাগছে। স্বাভাবিক সময়ে লৌহজং টার্নিং পয়েন্ট দিয়ে একটি ফেরির যাতায়াতে সোয়া এক ঘণ্টা সময় ব্যয় হয়।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, লৌহজং টার্নিং পয়েন্ট দিয়ে নৌপথের দূরত্ব হচ্ছে ১৫ কিলোমিটার। এখন পালেচর ও মঙ্গলমাঝি দিয়ে যাওয়ার জন্য তা বেড়ে হয়েছে ৩০ কিলোমিটার।

৮ সেপ্টেম্বর রাতে শিমুলিয়া ঘাট থেকে ফেরি টাপলো যানবাহন নিয়ে কাওড়াকান্দির উদ্দেশে ছেড়ে যায়। লৌহজং টার্নিং পয়েন্টে গিয়ে চরের মধ্যে সেটি আটকা পড়ে। এরপর থেকে সেখানেই আটকে আছে ফেরিটি।  বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, ফেরিটিতে তিনটি বাস, সাতটি পণ্যবোঝাই ট্রাক ও সাতটি ছোট গাড়ি আছে। তবে গাড়ির চালকেরা ছাড়া অন্যদের উদ্ধার করে আনা হয়েছে।

শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক মো. আশিকুজ্জামান বলেন, ‘খননকাজ সম্পন্ন হলে সব ঠিক হয়ে যাবে।’