কার্পেটিং উঠে গিয়ে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহর থেকে জয়পুরহাট পর্যন্ত সড়কের পাঁচ কিলোমিটারে ছোট-বড় অনেক গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন সংস্কার না করায় সড়কের এই অংশে কার্পেটিং উঠে গেছে। এতে সড়কের এই অংশ দিয়ে দূরপাল্লার বাস-মিনিবাসসহ বিভিন্ন যানবাহনে যাতায়াত করতে গিয়ে যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছে। তবে এখন অবস্থা আরও খারাপ হওয়ায় যানবাহন চলাচল যেকোনো সময় বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। সান্তাহারের পার্শ্ববর্তী ছাতিয়ান গ্রাম এলাকার জালাল হোসেন বলেন, প্রতিদিন তাঁদের একাধিকবার এ রাস্তা দিয়ে চলাচল করতে হয়। স্কুল-কলেজের কয়েক শ ছাত্রছাত্রী বিভিন্ন যানবাহনে এই রাস্তা দিয়ে সান্তাহার যাতায়াত করে। ছাতিয়ান, তিলকপুর ও আক্কেলপুর এলাকায় প্রচুর পরিমাণে শাকসবজি উৎপাদিত হয়। এসব এলাকার শাকসবজি এই রাস্তা দিয়ে সান্তাহার শহর হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যায়। সান্তাহার শহরের ভ্যানচালক আয়েজ উদ্দীন বলেন, ‘রাস্তা খারাপ হওয়ার জন্য ওই রাস্তা দিয়ে ভ্যান চালাতে পারি না। ওই রাস্তায় গেলে ২০ মিনিটের পথ যেতে এক ঘণ্টা লেগে যায়।’এলাকাবাসী জানায়, এই সড়কের সান্তাহার অংশের বাগাবাড়ী, হেমতখালী, গোরস্থান, ঘোড়াদহসহ কমপক্ষে ৩০টি স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এখন এসব গর্তে পানি জমে থাকায় অবস্থার আরও অবনতি হয়েছে। এ অংশে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। এলাকার লোকজন সড়কের এই অংশ সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার আবেদন করেছিল। কিন্তু কর্তৃপক্ষ আজও সড়ক সংস্কারের উদ্যোগ নেয়নি ।জানা গেছে, ২০০৫ সালের বন্যায় সান্তাহার-জয়পুরহাট সড়কের এই অংশ পানির নিচে তলিয়ে যায়। এরপর এই অংশে আর কোনো সংস্কারের কাজ হয়নি। মাঝে মধ্যে স্থানীয় পরিবহন সংগঠনের নিজস্ব উদ্যোগে সংস্কারকাজ করে যানবাহন চলাচলের উপযোগী রাখা হয়েছে।সান্তাহার অটো টেম্পো মালিক সমিতির সভাপতি আতোয়ার হোসেন বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দীর্ঘদিন সংস্কার কাজ করেনি। এ কারণে তাঁরা বাধ্য হয়ে কয়েকবার সড়ক সংস্কার করেছেন। সরেজমিনে দেখা গেছে, সড়কের বাগাবাড়ী, হেমতখালীসহ বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব এলাকার গর্তগুলো এত গভীর যে এসব অংশ দিয়ে চলাচল করলে যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। কোনো কোনো স্থানে কার্পেটিং উঠে গিয়ে পুরোনো ইটের রাস্তা বের হয়ে গেছে। উপজেলা প্রকৌশলী আমিনুর রহমান জানান, সড়কের বর্তমান অবস্থার কথা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বগুড়ার নির্বাহী প্রকৌশলীকে জানানো হয়েছে। এ ছাড়া সড়কের ওই অংশ সংস্কারে কত টাকা খরচ হতে পারে তা নির্ধারণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।