পাঁচ কিলোমিটারে খানাখন্দ লক্ষাধিক মানুষের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় নওগাঁ সদর উপজেলার কাঠখৈর বাজার থেকে গোপাই বাজার পর্যন্ত পাঁচ কিলোমিটার পাকা সড়কের অবস্থা নাজুক হয়ে পড়েছে। সড়কটির অধিকাংশ স্থানে কার্পেটিং উঠে খানাখন্দে ভরে গেছে। এতে লক্ষাধিক মানুষ যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছে।
এলাকাবাসী সূত্র জানায়, ২০০৫ সালে এ সড়কটি পাকা হয়। এরপর ১০ বছর পার হলেও সড়কটির কোনো সংস্কার হয়নি। এটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীন। সড়কটি মান্দা উপজেলার গাবতলী বাজার থেকে শুরু হয়ে নওগাঁ সদর উপজেলার হাসাইগাড়ি ইউনিয়ন হয়ে নওগাঁ-রাজশাহী মহাসড়কের নওহাটায় মিলিত হয়েছে। এর মধ্যে সদর উপজেলার কাঠখৈর থেকে গোপাই বাজার পর্যন্ত পাঁচ কিলোমিটার সংস্কার না হওয়ায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন মান্দা, রানীনগর ও নওগাঁ সদর উপজেলার লক্ষাধিক মানুষ এ সড়কটি দিয়ে যাতায়াত করে। ফলে কৃষিপণ্য আনা-নেওয়া করতে কৃষক এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, সড়কটির কার্পেটিং উঠে গেছে। অধিকাংশ স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে সড়কের দুই পাশের মাটি সরে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
কাঠখৈর বাজারে কথা হয় রানীনগর উপজেলার মিরাট ইউনিয়নের বড় খোল গ্রামের জাকির ইসলামের সঙ্গে। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক। জাকির ইসলাম বলেন, সড়কটি সংস্কারের অভাবে স্থানীয় কোনো যানবাহন আসতে চায় না। যেতে চাইলেও অনেক ভাড়া চায়। এতে করে এলাকার কৃষিপণ্য পরিবহন করতে এলাকাবাসীকে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।
রিকশাভ্যানচালক সেকেন্দার আলী বলেন, ‘রাস্তায় ইট-পাথর উঠে যাওয়ায় গর্ত হইছে। এই জন্য আমাদের গাড়ি চালাতে প্রচণ্ড কষ্ট হয়। সময় বেশি লাগে এবং গাড়ি ভাড়াও বেশি নিতে হয়।’
হাসাইগাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জালাল হোসেন বলেন, ‘সড়কটি এলজিইডির। সংশ্লিষ্ট অফিসে সংস্কারের জন্য বারবার ধরনা দিয়েছি। কিন্তু তাতেও কাজ হয়নি।’
সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী রেজাউল হক বলেন, সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি। তবে চলতি অর্থবছরেই সংস্কার করা হবে। আশা করা যায় এই সড়কসহ সদর উপজেলার আরও কিছু সড়ক সংস্কারে অর্থের বরাদ্দ খুব শিগগির পাওয়া যাবে।