পাঁচ কিলোমিটারের জন্য...
রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের তেরমাইল থেকে হাড়িয়ারকুটি ইউনিয়নের পাঁচানী পর্যন্ত পাঁচ কিলোমিটার কাঁচা রাস্তাটি বেহাল। বর্ষাকালে এই রাস্তা দিয়ে চলাচলে ১০টি গ্রামের প্রায় ২৫ হাজার মানুষের ভোগান্তি বেড়ে যায়।হাড়িয়ারকুটি ইউনিয়নের পাঁচানী, জলুবার, নারায়ণঞ্জন, দক্ষিণ নারায়ণঞ্জন, সরকারপাড়া, তেলিপাড়া, মাছুয়াপাড়া, খলেয়া, খিয়ারডাংগা, বরাতী গ্রামের প্রায় ২৫ হাজার মানুষের তারাগঞ্জ সদরে যাতায়াতের একমাত্র সড়ক এটি। তারাগঞ্জ উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরে ওই সড়কের পাঁচানী এলাকায় সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, কাদা মাড়িয়ে জুতা হাতে কিছু ছাত্রছাত্রী ওই রাস্তা দিয়ে যাচ্ছে। পাঁচানী গ্রামের বাসিন্দা মকবুল হোসেন বলেন, গত ২২ বছরে এই রাস্তাটির কোনো উন্নয়ন হয়নি। হাঁটুসমান কাদার কারণে এমনও হয়েছে যে তিনি সপ্তাহে তিন দিনও কাজে তারাগঞ্জ সদরে যেতে পারেননি। খলেয়া গ্রামের জিয়াউল ইসলাম ও মহুবার রহমান জানান, রাস্তাটির দুই পাশে সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। বর্ষাকালে এই প্রতিষ্ঠানগুলোয় শিক্ষার্থী উপস্থিতির হার কমে যায়। ইকরচালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খগেন চন্দ্র রায় জানান, বর্ষাকালে বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতির হার কমে যায়। রাস্তাটির জন্য অন্য গ্রামের বিদ্যালয়গুলোতেও একই অবস্থা দেখা দেয়। হাড়িয়ারকুটি ইউপির চেয়ারম্যান কুমারেশ রায় বলেন, ১০টি গ্রামের মানুষ কাদাপানি মাড়িয়ে অতিকষ্টে চলাচল করছে। তারাগঞ্জ উপজেলা প্রকৌশলী সফিউল আলম বলেন, ‘ওই রাস্তাটির বেহাল অবস্থার বিষয়টি আমাদের জানা আছে। বরাদ্দ এলে রাস্তাটি পাকা করা হবে।’