গাজীপুরের টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রের নিবাসী পাঁচ কিশোর আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারছে। বিভিন্ন মামলায় কেন্দ্রে থাকা এই কিশোরেরা গতকাল রোববার জামিন পেয়েছে।
এই তথ্য নিশ্চিত করে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ প্রথম আলোকে বলেন, প্রধান বিচারপতির হস্তক্ষেপে কিশোর উন্নয়ন কেন্দ্রের পাঁচ কিশোর ২ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষায় অংশ নেবে। কুমিল্লা, চট্টগ্রাম, গাজীপুর ও চাঁদপুরের আদালত রোববার এই পাঁচ কিশোরের জামিন মঞ্জুর করেন বলে জানান তিনি।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ২৬ জানুয়ারি গাজীপুরের কিশোর ও কিশোরী উন্নয়ন কেন্দ্র আকস্মিক পরিদর্শনে যান। কিশোর উন্নয়ন কেন্দ্রের একাধিক নিবাসী প্রধান বিচারপতিকে জানান, ২ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা, তারা পরীক্ষা দিতে চায়। এরপর প্রধান বিচারপতি যারা পরীক্ষা দেবে, এমন নিবাসীদের বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন।