নোয়াখালীর সেনবাগে পাঁচটি কেন্দ্র দখলের চেষ্টা, ব্যালট পেপার ছিনতাই, পুলিশের গুলি ও প্রার্থীকে অবরুদ্ধ করে রাখার মতো ঘটনা ঘটেছে। তা ছাড়া বাকি ৭০টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে।
গতকাল সকাল থেকে সেনবাগ উপজেলার প্রায় প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি চোখে পড়ে। পুরুষদের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। উপজেলার কাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাদরা হামেদিয়া দাখিল মাদ্রাসা, কানকিরহাট বহুমুখী উচ্চবিদ্যালয় ও গাজীরহাট উচ্চবিদ্যালয়কেন্দ্রে বিকেল চারটা নাগাদও অনেক নারীকে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ভোট দিতে আসেন অসুস্থ ও বয়োবৃদ্ধরাও।
সকাল সাড়ে ১০টার দিকে ছাতারপাইয়া ইউনিয়নের চিলাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গোলাম মোস্তফার সমর্থকেরা কেন্দ্র দখলের চেষ্টা চালালে সেখানে প্রায় ২০ মিনিট ভোট গ্রহণ বন্ধ থাকে। এরপর সাড়ে ১১টার দিকে পশ্চিম ছাতারপাইয়া দারুল উলুম কওমি মাদ্রাসাকেন্দ্রে একই প্রার্থীর সমর্থকেরা দখলের চেষ্টা চালান এবং কয়েকজন ভোটারের কাছ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নেন।
এ ঘটনায় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ছৈয়দের রহমান ভোট গ্রহণ প্রায় এক ঘণ্টা বন্ধ রাখেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে কেন্দ্র এলাকার পরিস্থিতি শান্ত করেন। এরপর ভোট গ্রহণ পুনরায় শুরু হয়। দুপুর সাড়ে ১২টার দিকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম মোহাম্মদপুর ইউনিয়নের আবদুল কাদের আইডিয়াল একাডেমি কেন্দ্রে যান। এ সময় জাহাঙ্গীর আলমের সঙ্গে কিছু সমর্থকও কেন্দ্রে ঢুকে কেন্দ্রটি দখলের চেষ্টা চালান এবং কয়েকজন ভোটারের কাছ থেকে ব্যালট ছিনিয়ে নিয়ে সিল মারেন। এতে কেন্দ্রে আতঙ্ক ছড়িয়ে পড়লে ভোটারেরা ভয়ে কেন্দ্র থেকে সরে যান।
এ ঘটনার পর বিএনপির প্রার্থী আবুল কালামের সমর্থকেরা কেন্দ্রের তিনদিক থেকে ঘিরে ফেলে আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলমকে অবরুদ্ধ করে ফেলেন। এ সময় বিএনপির সমর্থকেরা কয়েকবার কেন্দ্রে হামলার চেষ্টা চালান এবং পুলিশ ও কেন্দ্রের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন।
একপর্যায়ে কেন্দ্রের ও টহলরত পুলিশ শটগান থেকে ২০টি গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর জাহাঙ্গীর আলমকে বিজিবি ও পুলিশ পাহারা দিয়ে কেন্দ্র এলাকা পার করে দেন। এ ঘটনায় কেন্দ্রটিতে প্রায় পৌনে এক ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ থাকে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ ও রাবার বুলেটের আঘাতে এ কেন্দ্রের ছয়-সাতজন আহত হন।
দুপুর পৌনে দুইটার দিকে নবীপুর ইউনিয়নের ঠেকারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে একদল দুর্বৃত্ত লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে কেন্দ্রটি দখলের চেষ্টা করে।
প্রিসাইডিং কর্মকর্তা কাজী নুর মোহাম্মদ জানান, উদ্ভূত পরিস্থিতিতে কেন্দ্রটিতে প্রায় ২০ মিনিট ভোট গ্রহণ বন্ধ থাকে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে।
অপরদিকে, দুপুর দুইটার দিকে একই ইউনিয়নের এশফাকুল হক মান্না আলিম মাদ্রাসাকেন্দ্রে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর একদল সমর্থক আগ্নেয়াস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এ সময় বিএনপির সমর্থকের কর্মীরা বাধা দিলে দুই পক্ষে মারামারি শুরু হয়। এ ঘটনায় ইউনিয়ন বিএনপির সভাপতি বাহার মিয়া গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন। গুরুতর আহত বাহার মিয়াকে নোয়াখালী শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা উদয়ন দেওয়ান প্রথম আলোকে বলেন, দু-একটি কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ শেষ হয়েছে। অল্প সময়ের জন্য কয়েকটি কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ রাখা হয়। যা পরে আবার স্বাভাবিক ভাবে চলে।