ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের উপনির্বাচনে পাঁচটি কেন্দ্র স্থগিতের দাবি করে সেখানে আবার ভোট গ্রহণের দাবি জানিয়েছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ভোট-পরবর্তী সংবাদ সম্মেলনে এ দাবি জানায় বিএনপি। স্থগিতের দাবি ওঠা কেন্দ্রগুলো হলো খ্রিশ্চিয়ান মিশনারিজ স্কুল, গতাইশার সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাসুদেব উচ্চবিদ্যালয়, চিনাই আঞ্জুমান স্কুল অ্যান্ড কলেজ এবং চাপাই সিনিয়র মাদ্রাসা।এর আগে দুপুরে আরেক সংবাদ সম্মেলনে দুটি আসনের মোট ১১টি কেন্দ্র স্থগিতের দাবি জানিয়েছিল বিএনপি। গতকাল সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া-৩ ও হবিগঞ্জ-১ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেলের সংবাদ সম্মেলনে এ দুটি আসনের উপনির্বাচনে কোনো কোনো কেন্দ্রে কারচুপি, ভোট প্রদানে বাধা ও বিএনপির এজেন্টকে থাকতে না দেওয়ার অভিযোগ করে দলটি। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, বাসুদেব উচ্চবিদ্যালয় কেন্দ্রে মোট এক হাজার ৯১৭ জন ভোটার। দুপুর ১২টার মধ্যে ওই কেন্দ্রে এক হাজার ১৬৮টি ভোট পড়েছে বলে প্রিসাইডিং কর্মকর্তা জানিয়েছেন। বিএনপির নেতারা একে ‘অস্বাভাবিক’ বলে উল্লেখ করেন। তাঁরা বলেন, উভয় আসনে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা কয়েকটি ভোটকেন্দ্র দখল করেছেন। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ছোট সাকুয়া মাদ্রাসা, বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের বৃন্দাবন চা বাগান কেন্দ্র, খাগাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং লামাতাশি ইউনিয়নের শিবপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ করেন বিএনপির নেতারা। বিএনপির জ্যেষ্ঠ নেতা নজরুল ইসলাম খান বলেন, ‘নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার আশঙ্কা করা হচ্ছে। এ কারণেই সরকার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করেনি।’বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, উপনির্বাচনে কারচুপির যে আশঙ্কা বিএনপি আগেই প্রকাশ করেছে, তা সত্য বলে প্রমাণিত হয়েছে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভোটকেন্দ্র দখল করে বিএনপির এজেন্টদের বের করে দিয়েছে। সেখানে সন্ত্রাসীরা জোর করে নৌকা প্রতীকে সিল মেরেছে। পৌরসভা নির্বাচন: নজরুল ইসলাম খান জানান, পৌরসভা নির্বাচনের অবস্থা সম্পর্কে খুব বেশি তথ্য তাঁদের হাতে নেই। তবে তিনি কক্সবাজার সদর পৌরসভায় ব্যাপক অনিয়মের অভিযোগ করেন। নজরুল ইসলাম বলেন, সেখানকার হাশেমিয়া মাদ্রাসা কেন্দ্রে ব্যালট পেপারে আওয়ামী লীগের কর্মীরা সিল মেরেছেন। প্রশাসনের কর্মকর্তারা তাঁদের সহায়তা করেছেন। এ বিষয়ে তাঁরা সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা ও নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছেন বলে জানান বিএনপির এই নেতা। এ ছাড়া চকরিয়া পৌরসভায় স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে বিএনপির নেতা-কর্মীদের ভয়ভীতি দেখানোর অভিযোগ তোলা হয় সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন ও এম এ কাইয়ুম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।