চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার পাঁচটি ভোটকেন্দ্রে কাউন্সিলর পদে গতকাল মঙ্গলবার ভোট গ্রহণ করা হয়েছে।
চন্দনাইশ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুল লতিফ শেখ জানান, ১ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে অজয় দত্ত, ৯ নম্বর ওয়ার্ডে খোরশেদ আলম ও সংরক্ষিত (৩ নম্বর) ওয়ার্ডে হাছনারা বেগম এবং ৫ নম্বর ওয়ার্ডে মো. শাহ আলম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এদিকে দক্ষিণ জোয়ারা বিএল বড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ায় মোহাম্মদ সোহেল (১৮) ও ফরিদ উদ্দিন (২৫) নামের দুই যুবককে এক দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রিটার্নিং কর্মকর্তা ও চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীদা শরমিন বলেন, কোথাও কোনো ধরনের বিশৃঙ্খল ঘটনা ঘটেনি। উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বিশৃঙ্খলার কারণে ১ ও ৯ নম্বর ওয়ার্ডের তিনটি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। এ ছাড়া ৫ নম্বর ওয়ার্ডে দুই সাধারণ কাউন্সিলর প্রার্থী সমানসংখ্যক (৪০১) ভোট পাওয়ায় আবার ভোট নেওয়া হয়।