পাঁচ কোটি টাকার ওষুধ জব্দ ছয় লাখ টাকা জরিমানা
রাজধানীর মহাখালী ও টঙ্গী এলাকার তিনটি ওষুধের কারখানাসহ চারটি প্রতিষ্ঠানে গতকাল সোমবার অভিযান চালিয়ে অবৈধভাবে উৎপাদিত প্রায় ১৩ লাখ টাকার ওষুধ জব্দ করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠান চারটি হলো পিনাকল সোর্সিং লিমিটেড, হলি ড্রাগস ল্যাবরেটরিজ, হলি ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ও জি কে ফার্মা।
র্যাবের দাবি, জব্দ করা ওষুধ ও প্রসাধনীর মূল্য ৫ কোটি ১৬ লাখ টাকা।
র্যাব-২-এর উপপরিচালক মো. দিদারুল আলমের নেতৃত্বে এই অভিযানে প্রতিষ্ঠানগুলো সিলগালা, চার কর্মকর্তাকে কারাদণ্ড এবং ছয় লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন।
দুপুরে অভিযান চালিয়ে এসব কারখানা থেকে আলসার, গ্যাসট্রিক, বহুমূত্রসহ বিভিন্ন রোগের ১১ লাখ ৮০ হাজার ট্যাবলেট ও ক্যাপসুল জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে হলি স্যালাইন, পিনাগ্রোস, অ্যাজমাসেফ, নিউরোভিট, সাফিন, অ্যাজমাকিউট জাতীয় ওষুধ। এ ছাড়া এক লাখ তিন হাজার বোতল সিরাপ জব্দ করা হয়। এ সময় পিনাকল সোর্সিংয়ের ছয় কর্মকর্তা দেবাশীষ ভট্টাচার্য, রোকনুজ্জামান, সাখাওয়াত হোসেন, রাসেল আকন্দ, এস এম হাসান ও তপন খানকে আটক করা হয়।
ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, উৎপাদনের পর পিনাকল সোর্সিংয়ের মাধ্যমে এসব ওষুধ পাইকারি ও খুচরা বাজারে বিক্রি করা হয়। ঔষধ প্রশাসন অধিদপ্তর ও বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই পিনাকল ওষুধ বিক্রি করে আসছিল।
অন্যদিকে কারখানাগুলো প্রতিষ্ঠিত ওষুধ কোম্পানির ছাপ্পান্ন ধরনের ওষুধ অবৈধভাবে উৎপাদন ও বাজারজাত এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ল্যাব পরিচালনা করছিল। পরে পিনাকলের দেবাশীষকে এক বছর কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা, রোকনুজ্জামানকে এক বছর কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, সাখাওয়াত হোসেন ও রাসেল আকন্দকে এক বছর কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া এস এম হাসানকে দুই লাখ ও তপন খানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।