পাঁচ কোটি টাকা আমানত নিয়ে কার্যালয়ে তালা
কিশোরগঞ্জে গ্রাহকদের কাছ থেকে পাঁচ কোটি টাকা আমানত সংগ্রহ করে কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন একটি সমবায় প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এ ঘটনায় পুলিশ গতকাল শনিবার প্রতিষ্ঠানটির কিশোরগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ব্যবস্থাপককে গ্রেপ্তার করেছে।গ্রাহকেরা জানান, কার্যালয়ের সাইনবোর্ডে ওই সমবায় প্রতিষ্ঠানের নাম ম্যাক্সিম সেন্ট্রাল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড উল্লেখ করা হলেও তাদের সঙ্গে ম্যাক্সিম ফাইন্যান্স অ্যান্ড কমার্স (এমসিএস) লিমিটেড নামে লেনদেন করা হয়েছে। কয়েকজন গ্রাহক জানান, কিশোরগঞ্জসহ সারা দেশে প্রতিষ্ঠানটির প্রায় ১০০ শাখা রয়েছে। রাজধানীর পুরানা পল্টনে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়। ২০১০ সালে কিশোরগঞ্জ শহরের ঈসা খাঁ সড়কের ভূঁইয়া সুপার মার্কেটের তৃতীয় তলায় এর ৭১তম শাখা চালু করা হয়। এর পর থেকে স্থায়ী আমানত ও সঞ্চয় নেওয়াসহ আর্থিক লেনদেন করে আসছিল প্রতিষ্ঠানটি। প্রতি লাখে মাসে এক হাজার ৫০০ টাকা মুনাফা দেওয়ায় এর আমানতকারীর সংখ্যা রাতারাতি বেড়ে যায়। কিশোরগঞ্জ শাখায় আমানতকারীর সংখ্যা প্রায় এক হাজার। নূরে আলম, দিলীপ কুমার বসাক, বদরুন নাহারসহ বেশ কয়েকজন গ্রাহক জানান, প্রতিষ্ঠানটি লোভনীয় মুনাফা দেওয়ার কথা বলে তাঁদের কাছ থেকে আমানত সংগ্রহ করে। সম্প্রতি শহরের বড় বাজারের অগ্রণী কমার্স অ্যান্ড ফাইন্যান্স নামের অন্য একটি প্রতিষ্ঠান উধাও হয়ে গেলে ভয়ে তাঁরা ম্যাক্সিমের কাছে টাকা ফেরত চান। প্রতিষ্ঠানের আঞ্চলিক কার্যালয়ের প্রধান ব্যবস্থাপক মনিরুজ্জামান তাঁদের টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন। গত বৃহস্পতিবার থেকে কার্যালয়ে তালা ঝুলতে দেখে তাঁদের সন্দেহ হয়। গতকাল তাঁরা ম্যাক্সিম কার্যালয়ে গিয়ে তালা ঝুলতে দেখেন। মাদ্রাসার শিক্ষক সামিউল হক বলেন, কখনো মনে হয়নি প্রতিষ্ঠানটি তাঁদের সঙ্গে প্রতারণা করতে পারে। কারণ, মনিরুজ্জামান সবার পরিচিত। তাঁকে দেখেই বেশির ভাগ গ্রাহক টাকা জমা দিয়েছেন।নূরে আলম নামের এক গ্রাহক বলেন, তিনি ও তাঁর আত্মীয়স্বজনেরা ওই প্রতিষ্ঠানে ১১ লাখ টাকা জমা রেখেছেন।কিশোরগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অমূল্য সরকার বলেন, তাঁর ছাত্র মনিরুজ্জামানকে দেখে তিনি তাঁর অবসর ভাতার পাঁচ লাখ টাকা সেখানে জমা রাখেন। মনিরুজ্জামান থানাহাজতে সাংবাদিকদের জানান, প্রতিষ্ঠানটিতে গ্রাহকদের পাঁচ কোটি টাকার আমানত ছিল।কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি হাম্মাদ হোসেন জানান, রতন ভৌমিক নামের এক গ্রাহক মনিরুজ্জামান, তাঁর স্ত্রী, সহব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম, মাঠকর্মী মোছা. আমিনা, মো. হাবিবুর রহমান ও বর্ষা আক্তারকে আসামি করে মামলা করেছেন। মনিরুজ্জামানকে গ্রেপ্তার করে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানা হয়েছে।কিশোরগঞ্জ জেলা সমবায় কর্মকর্তা মো. মাহবুবুল হক হাজারী বলেন, প্রতিষ্ঠানটি কিশোরগঞ্জ থেকে নিবন্ধন নেয়নি। এটি ঢাকা থেকে নিবন্ধন নিতে পারে। তিনি বলেন, নিবন্ধন নিয়ে থাকলেও প্রতিষ্ঠানটির ব্যাংকের মতো আর্থিক লেনদেন, স্থায়ী আমানত সংগ্রহ, লভ্যাংশ প্রদান বা ডিপিএস স্কিম ও এফডিআর চালু করার সুযোগ নেই।