পাঁচ কোটি টাকা খরচের পর প্রকল্প পরিত্যক্ত
প্রায় পৌনে পাঁচ কোটি টাকা ব্যয়ের পর পাবনার বেড়ায় আধুনিক নৌবন্দর নির্মাণের প্রকল্পটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। পাবনার বেড়া উপজেলার ডাকবাংলা ঘাটের কাছে হুরাসাগর নদের পারে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) প্রায় পাঁচ বছর আগে নৌবন্দর নির্মাণের সিংহভাগ কাজ সম্পন্ন করে। নৌবন্দর নির্মাণের প্রকল্পটি পরিত্যক্ত হওয়ায় সরকারের পৌনে পাঁচ কোটি টাকা যেমন গচ্চা গেল, তেমনি নৌবন্দরকে ঘিরে বেড়া বাজারের ব্যবসা-বাণিজ্যের স্থবিরতা কেটে যাওয়ার যে সম্ভাবনা দেখা দিয়েছিল, তা শেষ হয়ে গেল বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।পাউবোসহ বিভিন্ন সূত্রে জানা গেছে, নৌবন্দরের জন্য প্রাথমিক অবকাঠামো নির্মাণ করা হলেও ভূমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতায় নৌ-চ্যানেল নির্মাণ করতে না পারায় প্রকল্পটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ওই স্থানে বেড়া পৌরসভা শিগগিরই একটি অত্যাধুনিক শিশুপার্ক নির্মাণ করতে যাচ্ছে বলে জানা গেছে।জানা যায়, ইছামতীর পারের বেড়া বাজার একসময় উত্তরাঞ্চলের অন্যতম বাণিজ্যকেন্দ্র ও নৌবন্দর বলে পরিচিত ছিল। কিন্তু ১৯৮৯ সালে ইছামতী নদীর উৎসমুখে বন্যা নিয়ন্ত্রণের নামে ক্লোজার বাঁধ নির্মাণ করায় নৌবন্দরটি বন্ধ হয়ে যায়। এতে ঐতিহ্যবাহী বেড়া বাজারের ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়ে। এ স্থবিরতায় বেকার হয়ে পড়েন ১০ হাজার শ্রমিক ও ব্যবসায়ী।বাঁধটি খুলে দিয়ে বেড়া নৌবন্দর চালুর দাবিতে ঐক্যবদ্ধ হন বেড়া বাজারের ব্যবসায়ীসহ পৌরবাসীরা। তাদের দাবির মুখে ২০০০ সালে পাউবো বাঁধটি বজায় রেখে বেড়া বাজার থেকে দেড় কিলোমিটার দূরে হুরাসাগর নদের পারে ডাকবাংলা ঘাটে ছয় কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে আধুনিক নৌবন্দর স্থাপনের প্রকল্প গ্রহণ করা হয়।বেড়া বাজারের ব্যবসায়ীরা বাজার থেকে দেড় কিলোমিটার দূরে বন্দর স্থাপনের ব্যাপারে আপত্তি জানালেও পরে তা মেনে নেন। অনেকেই আশা করেন, বন্দরটি চালু হলে বেড়া বাজারের ব্যবসা-বাণিজ্যের স্থবিরতা কিছুটা হলেও দূর হবে। বেকার হওয়া শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। কিন্তু পাউবো কালক্ষেপণের মাধ্যমে ২০০৬ সালে ওই স্থানে ১০০ মিটার দৈর্ঘ্যের দুটি গাইড বাঁধ ও বাঁধ দুটির মাঝখানে ২৭৫ মিটার দীর্ঘ বিশাল একটি নৌঘাট তৈরি করে। এতে চার কোটি ৬৮ লাখ টাকা ব্যয় হয়ে যায়। এর পর থেমে যায় নৌবন্দর নির্মাণের কাজ। প্রায় পাঁচ বছর নির্মাণকাজ বন্ধ থাকার পর সম্প্রতি প্রকল্পটিই পরিত্যক্ত করা হয়।ব্যবসায়ীসহ এলাকাবাসীর অভিযোগ, অপরিকল্পিতভাবে ভুল স্থানে নির্মাণ শুরু করার কারণেই নৌবন্দরটি আলোর মুখ দেখতে পারল না। নৌবন্দর নির্মাণের মূল স্থানটি পাউবোর হলেও এর সামনে রয়েছে ব্যক্তিমালিকানাধীন উঁচু কৃষিজমি। নৌ-চ্যানেল তৈরির জন্য পাউবো ওই জমি অধিগ্রহণ করতে গেলে জমির মালিকেরা উচ্চ আদালতে মামলা করেন। আর এতে নৌবন্দর নির্মাণের কাজ দীর্ঘদিন বন্ধ রাখার পর শেষ পর্যন্ত প্রকল্পটিই বাতিল করতে বাধ্য হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে ইতিমধ্যেই ব্যয় হওয়া টাকা পুরোপুরি গচ্চা গেল বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা।এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, বেড়া পৌরসভা ওই স্থানে সাড়ে চার কোটি টাকা ব্যয়ে শিগগিরই একটি অত্যাধুনিক শিশুপার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছে। এ ব্যাপারে পৌরসভার সঙ্গে পাউবোর একটি চুক্তি হয়েছে বলে জানা গেছে।বেড়া পৌরসভার মেয়র আবদুল বাতেন বলেন, ‘ঐতিহ্যবাহী বেড়া নৌবন্দর পুনরুজ্জীবিত হোক—এটা প্রত্যেক ব্যবসায়ী ও পৌরবাসীই চায়। তবে যে স্থানে নৌবন্দর নির্মাণের কাজ শুরু হয়েছিল, নানা প্রতিবন্ধকতার মুখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা পরিত্যক্ত ঘোষণা করেছে। এর পরিবর্তে বৃশালিখা ঘাটের পাশে আধুনিক নৌবন্দর নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। আর ওই স্থানে পাউবোর সঙ্গে চুক্তি সাপেক্ষে একটি অত্যাধুনিক শিশুপার্ক গড়ে তোলার প্রস্তুতি চলছে।’বেড়া পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল আওয়াল বলেন, ‘নৌবন্দর নির্মাণের প্রকল্পটি পরিত্যক্ত হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত বলতে পারবেন উপবিভাগীয় প্রকৌশলী আনিসুর রহমান।’উপবিভাগীয় প্রকৌশলী (এসডি) আনিসুর রহমান বলেন, ‘সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমেই পাউবো নৌবন্দর নির্মাণের কাজ শুরু করেছিল। কিন্তু পরবর্তী সময়ে ভূমি অধিগ্রহণ নিয়ে জটিলতা দেখা দেওয়াতেই নির্মাণকাজ বন্ধ ও একপর্যায়ে তা বাতিল করতে হয়। নৌবন্দর নির্মাণের কাজ পরিত্যক্ত হওয়ায় পৌরসভা সেখানে শিশুপার্ক তৈরি করতে যাচ্ছে। এ ব্যাপারে তাদের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে।’