পাঁচ কোটি টাকার অর্পিত সম্পত্তি বেহাত হওয়ার পথে
ঢাকার সাভার থানার তেঁতুলঝড়া মৌজার পাঁচ কোটি টাকা মূল্যের প্রায় নয় বিঘা অর্পিত্ত সম্পত্তি বেহাত হতে চলেছে। জাল কাগজপত্র বানিয়ে ওই জমি বিক্রির পাঁয়তারা করার অভিযোগ পাওয়া গেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। ইতিমধ্যে ওই জমি দখল করে বিক্রির জন্য তাতে সাইনবোর্ডও টাঙানো হয়েছে। সাভার সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে খোঁজ নিতে গিয়ে এই বিপুল পরিমাণ সম্পত্তির বিষয়ে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। কার্যালয় থেকে অনেক মূল্যবান তথ্য গায়েব হয়ে গেছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি গোপন প্রতিবেদনও পাঠানো হয়। সাভার উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, স্টেট অ্যাকুইজিশন (এসএ) ও রিভিশনাল সার্ভে (আরএস) অনুযায়ী তেঁতুলঝাড়া মৌজার দুই একর ৯৮ শতাংশ জমির মালিক ছিলেন ওই এলাকার রাজেন্দ্র মোহন চৌধুরী। তিনি ও তাঁর বংশধরেরা ভারতে যাওয়ায় ওই জমি অর্পিত সম্পত্তির তালিকাভুক্ত হয়। যার নম্বর ১৯৯/৭৪। কিন্তু একটি প্রভাবশালী মহল জাল কাগজপত্র বানিয়ে ওই জমি বিক্রি করার পাঁয়তারা করে যাচ্ছে। সাভার সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় থেকে ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) কাছে পাঠানো গোপন প্রতিবেদনেও বলা হয়, সাভার সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে তেঁতুলঝড়া মৌজার নয় বিঘা অর্পিত সম্পত্তির বিষয়ে কোনো নথিপত্র না থাকায় ২০০৫ সালে নতুন করে নথি খোলা হয়। এরপর ওই জমি পাঁচ বছরের জন্য ইজারা দেওয়া হয়। সেখানে আধাপাকা ঘর নির্মাণেরও অনুমতি দেওয়া হয় ইজারাদারদের। কিন্তু তাঁরা ইজারা নবায়ন না করায় একটি চক্র জাল কাগজপত্র বানিয়ে তা দখলের পাঁয়তারা চালান। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে অত্র কার্যালয় থেকে ২০০৭ সালে ওই সম্পত্তি অবৈধভাবে নামজারিও করে দেওয়া হয়। বিষয়টি ফাঁস হওয়ার পর গত ১০ জুলাই এক আদেশে ওই অবৈধ নামজারি বাতিল করা হয়। এরপর নৌপরিবহন মন্ত্রীর অনুরোধে গত আগস্টে তা জনৈক আল-আমিনসহ ১৫ জনকে পুনরায় ইজারা দেওয়া হয়। ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের জোড়পোল বাসস্ট্যান্ড থেকে আধা কিলোমিটার দূরে এবং তেঁতুলঝড়া স্কুল অ্যান্ড কলেজের ১০০ গজ উত্তর-পূর্ব কোণে অবস্থিত ওই সম্পত্তির ওপর এখন বায়নাসূত্রে মালিকানার সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছেন সাভার পৌরসভার কাউন্সিলর মো. আমিনুর রহমান, মো. সাইফুল ইসলাম, দেওয়ান মোহাম্মদ হেলাল, মো. আবদুর রহিম, মো. জামাল উদ্দিন ও নুরুল ইসলামসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। সরেজমিনে গিয়ে ওই সম্পত্তির ওপর প্রাচীন একটি মঠ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পূর্বপুরুষদের দাহ করার পর তাঁদের স্মৃতি ধরে রাখতে ১৮০৮ সালে মঠটি স্থাপন করা হয় বলে স্থানীয়রা জানান। যোগাযোগ করা হলে কাউন্সিলর আমিনুর রহমান বলেন, ‘ক্যাডাস্ট্রাল সার্ভে (সিএস) অনুযায়ী জমির প্রকৃত মালিক জ্যোতিন্দ্র প্রসাদ মিত্রের কাছ থেকে ক্রয়সূত্রে যাঁরা মালিক হয়েছেন, তাঁদের কাছ থেকেই আমরা বায়না করে নিয়েছি।’ তবে সাভারের সহকারী কমিশনার (ভূমি) আবু জাফর রাশেদ বলেন, ‘এসএ ও আরএস রেকর্ড অনুযায়ী জমির মালিক রাজেন্দ্র মোহন চৌধুরী। এই মালিক বা তাঁর কোনো উত্তরাধিকার না থাকায় তা পরে অর্পিত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত হয়। সর্বশেষ সরকারি গেজেট অনুযায়ীও তেঁতুলঝড়া মৌজার ওই জমি অর্পিত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত হয়েছে।’ তিনি আরও বলেন, জোতিন্দ্র প্রসাদ মিত্র জমির প্রকৃত মালিক হলে এবং তাঁর পরবর্তী মালিকানার ধারাবাহিকতা বজায় থাকলে ওই জমি অন্য কোনো ব্যক্তির নামে এসএ এবং আরএস রেকর্ড কিংবা অর্পিত সম্পত্তির তালিকাভুক্ত হওয়ার কথা নয়।