পাঁচ কোটি টাকার কাজ ভাগ বাঁটোয়ারা করেছে যুবলীগ?
লক্ষ্মীপুরে যুবলীগের নেতারা গতকাল বৃহস্পতিবার প্রায় পাঁচ কোটি টাকার কাজ ভাগ-বাঁটোয়ারা করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় ঠিকাদারেরা বলেন, প্রাইমারি স্কুল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় স্কুলে উন্নত মানের শৌচাগার (ওয়াশ ব্লক) তৈরির জন্য গত ২২ সেপ্টেম্বর দরপত্র আহ্বান করে জেলা জনস্বাস্থ্য অধিদপ্তর। নয়টি প্যাকেজের এ কাজের মূল্য প্রায় পাঁচ কোটি টাকা। দরপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল গতকাল দুপুর ১২টা। কিন্তু গতকাল সকাল থেকে যুবলীগের নেতা সৈয়দ আহমেদসহ কয়েকজন জনস্বাস্থ্য কার্যালয়ে গিয়ে সাধারণ ঠিকাদারদের দরপত্র জমা দিতে বাধা দেন ও টেন্ডার বাক্স নিয়ন্ত্রণে নেন। পরে তাঁরা জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলীর যোগসাজশে সমঝোতা করে কাজ ভাগ-বাঁটোয়ারা করে নেন।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হাফিজ অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী শেখ শিপনসহ নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ঠিকাদার বলেন, যুবলীগের কয়েকজন নেতার বাধার মুখে তাঁরা দরপত্র জমা দিতে পারেননি।
জেলা যুবলীগের আহ্বায়ক সৈয়দ আহমেদ বলেন, তিনি সাধারণ ঠিকাদার হিসেবে জনস্বাস্থ্য কার্যালয়ে গিয়েছেন। কাজ ভাগ-বাঁটোয়ারা ও সমঝোতার ঘটনার সঙ্গে তিনি জড়িত নন।
এ ব্যাপারে বক্তব্য জানতে জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ কবীর চৌধুরীর মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
তবে ওই কার্যালয়ের কর্মকর্তা শরিফ হোসেন জানান, কাজ ভাগ-বাঁটোয়ারার বিষয়টি তাঁর জানা নেই। দরপত্র জমা দেওয়ার সময় পুলিশ উপস্থিত ছিল। তিনি জানান, ১৪টি দরপত্র জমা পড়েছে। তবে কতগুলো শিডিউল বিক্রি হয়েছে, তা জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।