প্রায় পাঁচ কোটি টাকায় কেনা জামালপুর জেনারেল হাসপাতালের জেনারেটরটি ১৭ বছর ধরে কোনো কাজে আসছে না। চালানোর জন্য জ্বালানি বাবদ বরাদ্দ না থাকায় এটি বর্তমানে একটি তালাবদ্ধ ঘরে পড়ে আছে। জেনারেটরটি ব্যবহার করতে না পারায় লোডশেডিং ও বিভিন্ন কারণে বিদ্যুৎ না থাকলে হাসপাতালের ফ্রিজে ওষুধ ও ভ্যাকসিন সংরক্ষণ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আর রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৯৯৩ সালে জামালপুর জেনারেল হাসপাতালে ২৫০ কেভিএ ক্ষমতাসম্পন্ন ডিজেলচালিত একটি জেনারেটর বসানো হয়। এরপর পাঁচ মাস চালানোর পর হাসপাতাল কর্তৃপক্ষ বরাদ্দের অভাবে জেনারেটরটি আর চালাতে পারেনি। হাসপাতালে গড়ে প্রতিদিন চার শতাধিক রোগী ভর্তি থাকেন। বিদ্যুৎ না থাকলে হাসপাতালের রোগীদের চরম কষ্ট পোহাতে হয়।বজ্রপাতে গত সোমবার জামালপুর পিডিবির ৩৩ কেভি উপ-সঞ্চালনকেন্দ্র বিকল হয়। ওই দিন ভোর সাড়ে চারটা থেকে টানা ১৯ ঘণ্টা এবং পরের দিন ভোর পাঁচটা থেকে টানা ১৩ ঘণ্টা জেলার কোথাও বিদ্যুৎ ছিল না। তখন হাসপাতালের চিকিৎসা কার্যক্রম ব্যাহত হয়। জেনারেটরটি চালু না থাকায় ওই সময় হাসপাতালের গভীর নলকূপটিও চালু করা যায়নি। ফলে জরুরি বিভাগসহ আটটি ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ছিল। কয়েকজন সেবিকা নাম প্রকাশ না করার শর্তে বলেন, লোডশেডিং বা অন্য কোনো কারণে বিদ্যুৎ চলে গেলে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় তাদের। হারিকেন বা মোমের আলোয় রোগীদের শরীরে ইনজেকশন ও স্যালাইন দেওয়া খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। হাসপাতালের ইলেকট্রিশিয়ান আবুল কালাম প্রথম আলোকে জানান, দীর্ঘদিন না চালানোর কারণে জেনারেটরটির অনেক সমস্যা দেখা দিয়েছে। এটি চালু করতে দুটি ব্যাটারি কিনতে হবে। সিভিল সার্জন আবদুল হাকিম জানান, জেনারেটরটি চালাতে প্রতি ঘণ্টায় ৩৭ লিটার ডিজেল লাগে। বহুবার চেয়েও স্বাস্থ্য অধিদপ্তর থেকে এর জন্য বার্ষিক বাজেট বরাদ্দ পাওয়া যায়নি। ফলে এটি বন্ধ রাখা হয়েছে। তবে এটি বিকল হয়ে গেছে কি না, তা দেখতে হবে।