বরিশালে মেঘনা নদীতে জ্বালানি তেলসহ ডুবে যাওয়া জাহাজটির উদ্ধার কার্যক্রম অবশেষে স্থগিত ঘোষণা করা হয়েছে। আধুনিক উদ্ধার-সরঞ্জাম না থাকায় পাঁচ কোটি টাকার তেলসহ জাহাজ এমটি মেহের পরিত্যক্ত অবস্থায় রয়ে গেল। আশঙ্কা করা হচ্ছে, জাহাজের তেল বের হয়ে পরিবেশ বিপর্যয় ঘটতে পারে। গত শনিবার বিকেলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাহাজটির উদ্ধার কার্যক্রম স্থগিতের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘনার তীব্র স্রোত, উত্তাল ঢেউ, ১০০ ফুটের অধিক গভীরতা, বৈরী আবহাওয়া ও মাছ ধরার জালের পুরু আবরণের কারণে উদ্ধারকারী জাহাজ হামজা-রুস্তমসহ সহযোগী জাহাজগুলোর অবস্থান বিপজ্জনক হয়ে পড়েছে। এ ছাড়া আসন্ন ঈদে নৌ-দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে রুস্তম ও হামজাকে নিজ নিজ ঘাঁটিতে ফিরিয়ে নেওয়া প্রয়োজন।উদ্ধারকাজে নেতৃত্ব দেওয়া বিআইডব্লিউটিএর উপসচিব (প্রশাসন) এ কে এম আরিফ উদ্দিন প্রথম আলোকে বলেন, প্রতিকূল পরিবেশ, স্রোত ও নদীর গভীরতার কারণে তেলবাহী জাহাজটি উদ্ধারের সব ধরনের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তাই উদ্ধারকাজ স্থগিত ঘোষণা করা হয়েছে।চট্টগ্রামের যমুনা অয়েল কোম্পানি থেকে পেট্রল ও ডিজেল বোঝাই করে বরিশালে যাওয়ার পথে গত ২৫ জুলাই রাত নয়টার দিকে মেঘনা নদীতে ডুবে যায় এমটি মেহের। জাহাজে এক লাখ ৮৭ হাজার ৫৫২ লিটার পেট্রল ও পাঁচ লাখ ৬২ হাজার ৭০০ লিটার ডিজেল ছিল, যার বাজারমূল্য প্রায় চার কোটি ৭১ লাখ টাকা।জাহাজটির উদ্ধার কার্যক্রম স্থগিত করায় বিস্মিত হয়েছে যমুনা অয়েল কোম্পানি। কোম্পানির বরিশালের আঞ্চলিক ব্যবস্থাপক মো. সাঈদ হাসান খান প্রথম আলোকে বলেন, ‘বিআইডব্লিউটিএর পক্ষ থেকে শুক্রবার আমাদের জানানো হয়েছিল, ডুবে যাওয়া জাহাজটি ভালোভাবে বেঁধে ফেলা সম্ভব হয়েছে। এখন জাহাজটি উদ্ধারের সম্ভাবনা আছে। কিন্তু এই অবস্থায় তারা কেন উদ্ধার কার্যক্রম স্থগিত করল, তা পরিষ্কার নয়।’