পাঁচ কোটি টাকার দরপত্র ভাগাভাগি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা পৌরসভার প্রায় সোয়া পাঁচ কোটি টাকার কাজের দরপত্র সমঝোতার মাধ্যমে ভাগাভাগি করে নেওয়ার প্রক্রিয়া চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার গভীর রাত পর্যন্ত শহরের বাজার রোড এলাকায় জেলা আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতার মালিকানাধীন আবাসিক হোটেলে এই সমঝোতা হয়েছে। সমঝোতা অনুযায়ী গতকাল বুধবার দরপত্র ফরম জমাদানের শেষদিনে সমঝোতাকারী ঠিকাদারেরা ছাড়া অন্য কেউ দরপত্র জমা দিতে পারেননি বলে জানা গেছে। কয়েকজন ঠিকাদার জানান, ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের চাপে বরগুনা পৌরসভার মেয়র অস্বস্তিবোধ করে গতকাল অসুস্থতার অজুহাত দেখিয়ে নিজ কার্যালয়ে আসেননি। তবে মেয়র শাহাদাত হোসেন গতকাল দুপুরে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের চাপের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘চেষ্টা করেছি স্বচ্ছতার সঙ্গে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করতে। এখন বাইরে বসে কেউ সমঝোতা করলে সেখানে তো আমার কিছু করার নেই। এসব নিয়ে আমাকে কেউ লিখিত বা মৌখিক অভিযোগ করেনি।’ পৌরসভার প্রকৌশল বিভাগের কর্মকর্তারা জানান, বরগুনা পৌরসভার ১৮টি রাস্তা মেরামত, সম্প্রসারণ ও নির্মাণের জন্য সম্প্রতি দরপত্র আহ্বান করে পৌর কর্তৃপক্ষ। বিশ্বব্যাংকের অর্থায়নে দ্বিতীয় নগর অবকাঠামো উন্নতিকরণ সেক্টর প্রকল্প (ইউজিআইআইপি)-২-এর আওতায় চারটি গুচ্ছে এই দরপত্র আহ্বান করার পর গত ২৮ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত ১৪২টি দরপত্র ফরম (শিডিউল) বিক্রি হয়। কিন্তু গতকাল দরপত্র জমাদানের শেষদিনে মাত্র ১৪টি ফরম জমা পড়ে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন। বেশ কয়েকজন ঠিকাদার অভিযোগ করেন, তাঁরা নির্ধারিত সময় দরপত্র ফরম জমা দিতে গেলে কিছু ঠিকাদার ও তাঁদের লোকজন তাঁদের বাধা দেয়। তারেক নামের ঠিকাদারের একজন প্রতিনিধি অভিযোগ করেন, তিনি গতকাল বেলা সাড়ে ১১টার দিকে দরপত্র ফরম জমা দিতে গেলে কয়েকজন তাঁকে বাক্সে ফরম ফেলতে দেননি। পরে ফরমটি তিনি দরপত্র আহ্বান কমিটির সভাপতি ও পৌরসভার সহকারী প্রকৌশলী মজিবুল হায়দারের কাছে রেখে আসেন। প্রকৌশলী মজিবুল হায়দার বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, ‘এগুলো ঠিকাদারদের ব্যাপার। বাইরে কী হয়েছে না হয়েছে সে বিষয়ে আমি কিছু জানি না।’ একইভাবে পটুয়াখালীর মেসার্স আবুল কালাম আজাদ এন্টারপ্রাইজের নামেও দরপত্র জমা দিতে দেওয়া হয়নি বলে ওই প্রতিষ্ঠানের প্রতিনিধি অভিযোগ করেছেন। কমপক্ষে ১০ জন ঠিকাদার ও তাঁদের প্রতিনিধিরা একই অভিযোগ করেছেন। ঠিকাদারেরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় শহরের বাজার রোডে জেলা আওয়ামী লীগের সহসভাপতি হুমায়ুন কবিরের মালিকানাধীন আবাসিক হোটেল ‘ফালগুনি’র তৃতীয় তলায় পৌরসভার সোয়া পাঁচ কোটি টাকার কাজ ভাগাভাগির লক্ষ্যে সমঝোতা বৈঠক হয়। রাত পৌনে ১২টা পর্যন্ত বৈঠকে আওয়ামী লীগ নেতা ও জেলা ঠিকাদার সমিতির সভাপতি হুমায়ুন কবির ছাড়াও প্রায় দেড় শ ঠিকাদার ও তাঁদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। হোটেলের নিচতলায় এ সময় প্রায় ৫০-৬০টি মোটরসাইকেল দেখা গেছে। বৈঠকে উপস্থিত একজন ঠিকাদার নাম গোপন রাখার শর্তে বলেন, বৈঠকে দীর্ঘ আলোচনার পর সমঝোতায় পৌঁছাতে না পেরে উপস্থিত ঠিকাদারদের মধ্যে লটারি করে চারজনকে নির্ধারণ করা হয়। এরপর বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় নির্ধারিত ওই চারজন ঠিকাদার ১০ ভাগ উচ্চদরে দরপত্র জমা দেবেন এবং তাঁদের সমর্থনে আরও ১০টিসহ ১৪টি ফরম জমা দেওয়া হবে। ওই ১০ ভাগ অর্থ গতকাল দরপত্র জমা দেওয়ার আগেই নির্ধারিত ব্যক্তিরা ঠিকাদার সমিতির কাছে জমা দেন। এতে প্রায় ৫৮ লাখ টাকা জমা পড়ে। এই টাকার পাঁচ ভাগ পৌর কর্তৃপক্ষ এবং বাকি তিন ভাগ অংশগ্রহণকারী কয়েকজন ঠিকাদার ও দুই ভাগ প্রভাবশালী এক রাজনৈতিক নেতাকে দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়। তবে জেলা ঠিকাদার সমিতির সভাপতি হুমায়ুন কবির এ ধরনের সমঝোতা ও বৈঠক হওয়ার কথা অস্বীকার করে গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, ‘আমি কিছুই জানি না।’ আপনার হোটেলের নিচতলায় এতগুলো মোটরসাইকেল ছিল সেগুলোতে কারা এসেছিল—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওগুলো হয়তো বোর্ডারদের ছিল। তবে আমার কাছে মঙ্গলবার রাতে কয়েকজন কমিশনার এসেছিলেন অন্য একটি বিষয়ে আলাপ করতে।’বরগুনায় নিযুক্ত ইউজিআইআইপির জ্যেষ্ঠ প্রকৌশলী (পৌরসভা) আমিমুল আহসান বলেন, ‘আমার কাছে লিখিত বা মৌখিকভাবে এ ধরনের অনিয়মের কোনো অভিযোগ কেউ করেনি। আপাতত মনে হচ্ছে দরপত্র প্রক্রিয়া স্বচ্ছ হয়েছে।’ ১৪২টি দরপত্র বিক্রির বিপরীতে জমা পড়ল মাত্র ১৪টি—এটি নজিরবিহীন ঘটনা কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হয়তো শর্ত পূরণ করতে পারেনি বলে অনেকে ফরম কিনেও জমা দেননি।’