বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, পাঁচ কোটি টাকার বিনিময়ে শীর্ষসন্ত্রাসী বিকাশকে ছেড়ে দেওয়া হয়েছে। এভাবে অপরাধীদের ছাড়া হলে কেউ নিরাপদ থাকবে না। শুভ বড়দিন ও নববর্ষ উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের একটি প্রতিনিধিদল গতকাল রোববার রাতে গুলশানের কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করতে গেলে খালেদা জিয়া এ কথা বলেন।খালেদা জিয়া বলেন, ‘শুনেছি, আরও সন্ত্রাসী ছাড়া হবে। এমনিতে আইনশৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। সন্ত্রাসীরা ছাড়া পেলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।’আওয়ামী লীগের নেতাদের প্রতি ইঙ্গিত করে বিএনপির চেয়ারপারসন বলেন, ‘আমরাও যুদ্ধাপরাধীর বিচার চাই। যাঁদের ধরা হয়েছে, তাঁদের বাইরেও আপনাদের দল ও আত্মীয়ের মধ্যে যাঁরা যুদ্ধাপরাধী আছেন, তাঁদের বিচার করুন।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগের লোকেরা আইন নিজের হাতে তুলে নিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অমুককে ধরো, অমুককে ধরো। তাঁর হুকুম পেয়ে ছাত্রলীগ-যুবলীগ মাঠে নামে।’বিশ্বজিৎ দাসকে নির্মমভাবে হত্যার কথা উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, আওয়ামী লীগ বিশ্বজিৎকে হত্যা করে এর দায় বিএনপি-জামায়াতের ওপর চাপাতে চাইছে।বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যালবার্ট পি কস্তার নেতৃত্বে খ্রিষ্টান সম্প্রদায়ের শতাধিক ব্যক্তি এ সময় উপস্থিত ছিলেন।