পাঁচ কোটি মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়নি: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, পাঁচ কোটি মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়নি, বরং এটাই সাংবিধানিক প্রক্রিয়া।
আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে আশুগঞ্জের শ্রমকল্যাণকেন্দ্র সমন্বিত সাংস্কৃতিক বিকাশ কেন্দ্র আয়োজিত বিজয় মেলা উদ্বোধনের সময় তথ্যমন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘নির্বাচন করা যেমন জরুরি কাজ, তেমনি সংবিধানকে সামলে রাখাও জরুরি। সাংবিধানিক প্রক্রিয়া যদি ধ্বংস হয়ে যায়, বাংলাদেশ চক্রান্তের কবলে পড়বে। সে জন্য আমরা সংবিধানকে রক্ষা করতে নির্বাচনে অংশগ্রহণ করছি।’ তিনি বলেন, জামায়াত-শিবির চক্রের সব জঙ্গিবাদী আবার প্রমাণ করল, মুক্তিযুদ্ধে দালালি করার পরও তারা বদলায়নি। যুদ্ধাপরাধীদের পক্ষে পাকিস্তানিদের ভূমিকা গ্রহণ করার মধ্য দিয়ে তারা এটাই প্রমাণ করল, একাত্তরের দুষ্কর্মের জন্য তারা অনুতপ্ত নয়।
হাসানুল হক আরও বলেন, বিএনপি নির্বাচন বানচালের জন্য উদ্দেশ্যমূলকভাবে তত্পরতা চালাচ্ছে। তিনি বলেন, তারা সংলাপে থেকেও দূরে সরে দাঁড়িয়েছে এবং সাংবিধানিক প্রক্রিয়াকে ধ্বংস করার ষড়যন্ত্রে নেমেছে।
সমন্বিত বিকাশ কেন্দ্রের সভাপতি আলম কবিরের সভাপতিত্বে বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ জুবেদা খাতুন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মঈন উদ্দিন, জাতীয় সমাজতান্ত্রিক (জাসদ) দলের মনোনীত প্রার্থী এ ডি এম ফিরোজ, আওয়ামী লীগের নেতা আমিনুল হক ভূঁইয়া প্রমুখ। বিজয় মেলাটি ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে।