পাঁচ কোটিতম অনলাইন জন্ম নিবন্ধনকারী কলেজ ছাত্রী কহিনুর
‘ক্লাসে সব সময় পঞ্চম স্থানে থাকতাম। ভালো ছাত্রী হিসেবে কোনো পুরস্কার কিংবা স্বীকৃতি পাইনি। এ জন্য মনে অনেকটা চাপা কষ্ট ছিল। তবে দেশে পাঁচ কোটিতম অনলাইন জন্ম নিবন্ধনকারী হিসেবে স্বীকৃতি পাওয়ায় স্কুল কিংবা কলেজজীবনে পুরস্কার না পাওয়ার সেই কষ্ট কিছুটা হলেও কমে গেছে।’ কথাগুলো টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের কলিমাজানী গ্রামের কলেজছাত্রী কহিনুর আক্তারের। গোড়াই ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার পাঁচ কোটিতম অনলাইন জন্ম নিবন্ধনকারী হিসেবে এক অনুষ্ঠান শেষে ক্রেস্ট পাওয়ার পর তিনি এসব কথা বলেন। ইউনিয়ন পরিষদ কার্যালয় সূত্র জানায়, ২০ সেপ্টেম্বর কলিমাজানী গ্রামের মৃত শাহজাহান সিকদারের মেয়ে কহিনুর অনলাইনে জন্ম নিবন্ধন করেন। তিনি দেশে পাঁচ কোটিতম জন্ম নিবন্ধনকারী। পরে গোড়াই ইউনিয়ন পরিষদের সহযোগিতায় জন্ম-মৃত্যু নিবন্ধন প্রকল্পের পক্ষ থেকে তাঁকে নিয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, জন্ম-মৃত্যু নিবন্ধন প্রকল্পের প্রকল্প পরিচালক সাইফুল ইসলাম। এ ছাড়া স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আব্দুছ ছাত্তার শেখ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আক্তার চৌধুরী, জামুর্কী ইউপির চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। সাইফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার (গতকাল) পর্যন্ত পাঁচ কোটি পাঁচ লাখ ২৯ হাজার ৪২৯ জন অনলাইনে জন্ম নিবন্ধন করেছেন।