পাঁচ খাল পুনর্খনন, সেচের আওতায় ১২ হাজার হেক্টর
চলনবিলের আত্রাই নদীর রাবার ড্যাম প্রকল্পের অধীনে নাটোরের সিংড়া উপজেলা অংশে পাঁচটি খাল পুনঃখননের কাজ শুরু হয়েছে। এতে প্রায় ১২ হাজার হেক্টর জমিতে সেচসুবিধা নিশ্চিত করা সম্ভব হবে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ এলাকার জন্য ক্ষুদ্র সেচ প্রকল্পের (পানাসি) আওতায় রাজবাড়ি, নিয়ামত, শিরুখালী, নারিবাড়ি ও জোরমল্লিকা খালের ২০ কিলোমিটার এলাকা পুনঃখননের কাজ শুরু হয় গত জানুয়ারিতে। এ জন্য প্রায় এক কোটি টাকা খরচ হবে। চৌগ্রাম ও ডাহিয়া এলাকার কৃষকেরা জানান, আশির দশকে চলনবিলের মধ্যে সিংড়ার রাজবাড়ি, নিয়ামত, শিরুখালী, নারিবাড়ি ও জোরমল্লিকা খাল ভরাট হয়ে যায়। কৃষকেরা গভীর ও অগভীর নলকূপ বসিয়ে সেচ চালান। ২০০৪ সালে আত্রাই নদীর গুরুদাসপুর উপজেলার যোগেন্দ্রনগর এলাকায় এলজিইডি রাবার ড্যাম দেয়। এতে গুরুদাসপুর, তাড়াশ ও সিংড়া উপজেলার সহস্রাধিক কৃষক উপকৃত হন। কিন্তু ভরাট হয়ে যাওয়া উল্লিখিত পাঁচটি খালের আশপাশের কৃষকেরা সেচসুবিধা থেকে বঞ্চিত থাকেন। পানাসি প্রকল্প পরিচালক মিজানুর রহমান জানান, আগামী এক থেকে দেড় মাসের মধ্যেই এ খাল খননের কাজ শেষ হবে। খরা মৌসুমে প্রায় দুই মাস কৃষকেরা তাঁদের জমিতে সেচ দিতে পারবেন।