স্পিকারের বক্তব্যে আবেগঘন পরিবেশ, অধিবেশন মুলতবি
পাঁচ খুনির ফাঁসি হওয়ায় সংসদে শোকরানা মোনাজাত, সন্তোষ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাঁচ খুনির ফাঁসি কার্যকর হওয়ায় সন্তোষ প্রকাশ করে জাতীয় সংসদে গতকাল বৃহস্পতিবার শোকরানা মোনাজাত হয়েছে। শ্রদ্ধা জানানো হয়েছে বঙ্গবন্ধুসহ পঁচাত্তরের ১৫ আগস্ট নিহতদের স্মৃতির প্রতি। পরে স্পিকার আবদুল হামিদ দিনের কার্যসূচি স্থগিত করেন এবং অধিবেশন আগামী মঙ্গলবার পর্যন্ত চার দিনের জন্য মুলতবি করেন।বিকেল সাড়ে তিনটার দিকে স্পিকারের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। এ সময় সংসদে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অধিবেশনের শুরুতেই স্পিকার আবেগাপ্লুত কণ্ঠে বক্তব্য দেন। অধিবেশন কক্ষে এ সময় ছিল আবেগঘন ও ভাবগম্ভীর পরিবেশ। শেখ হাসিনা এ সময় বারবার রুমালে চোখ মোছেন। পাশে বসা সংসদ উপনেতা সাজেদা চৌধুরী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ অনেককেই বারবার চোখ মুছতে দেখা যায়। অধিবেশন শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী চশমা খুলে শাড়ির আঁচল দিয়ে চোখ মোছেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, তোফায়েল আহমেদসহ অধিকাংশ সাংসদ প্রধানমন্ত্রীর কাছে যান। সবাই ছিলেন আবেগাপ্লুত। অধিবেশন শেষ হওয়ার পরও সংসদ নেত্রী বেশ কিছুক্ষণ তাঁর আসনে বসে ছিলেন। তাঁকে ঘিরে ছিলেন সরকারি দলের সদস্যরা। অধিবেশন কক্ষ থেকে বের হওয়ার পথে লবিতে অপেক্ষমাণ স্পিকার শেখ হাসিনার সঙ্গে কথা বলেন। তাঁরা দুজনই এ সময় ছিলেন আবেগাপ্লুত। বঙ্গবন্ধুর পাঁচ খুনির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় সন্তোষ প্রকাশ করে স্পিকার তাঁর বক্তব্যে বলেন, ‘জীবদ্দশায় বঙ্গবন্ধু হত্যার বিচার দেখে যেতে পেরেছি। এখন শান্তিতে মরতে পারব। আমার মতো অনেকে বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধ করেছেন, কিন্তু তাঁর হত্যাকারীদের বিচার দেখার আগেই অনেকে বিচার না দেখার যন্ত্রণা নিয়ে মারা গেছেন। আজ আমরা এ যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছি। আমাদের বয়স হয়েছে। তাই এ রায় কার্যকর হওয়া দেখে যেতে না পারলে অতৃপ্তি থেকে যেত।’আবদুল হামিদ বলেন, ৩৪ বছর পর জাতির পিতা বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকরের মাধ্যমে প্রমাণিত হয়েছে, কেউ আইনের ঊর্ধ্বে নয়। এই হত্যার বিচার বিশেষ কোনো আদালতে না হয়ে সাধারণ আদালতে পরিচালিত হয়েছে এটিও একটি বড় ঘটনা। পুরো বিচার প্রক্রিয়া বিভিন্ন সময়ে বাধাগ্রস্ত হলেও অবশেষে সত্যের জয় হয়েছে। হত্যাকারীদের শাস্তির মাধ্যমে জাতি হয়েছে কলঙ্কমুক্ত। স্পিকার বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর খুনিদের পৃৃষ্ঠপোষকেরা বিচারের পথে বাধা সৃষ্টির জন্য ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেছিলেন। ফলে বাংলাদেশে বিচারের বাণী এত দিন সত্যিই নীরবে-নিভৃতে কেঁদেছিল। তিনি বলেন, যাঁরা এমন আইন প্রণয়ন করেছিলেন, তাঁরা কি কখনো ভেবেছিলেন ইতিহাস এ ঘৃণ্য কাজের দায়দায়িত্ব কোনো দিনই কাঁধে নেবে না?আবদুল হামিদ বলেন, বঙ্গবন্ধু ছাড়া দেশের স্বাধীনতা অর্জন যেমন অসম্ভব ছিল, তেমনি তাঁকে ছাড়া যুদ্ধবিধ্বস্ত দেশের পুনর্গঠন এবং জাতিকে ঐক্যবদ্ধ রাখাও সম্ভব হতো না। রাষ্ট্র ও জনগণের সঙ্গে বঙ্গবন্ধুর যে গভীর সম্পর্ক ছিল, ঘাতকদের বুলেট তা ছিন্ন করতে পারেনি। জীবদ্দশায় তো বটেই, মৃত্যুর সাড়ে তিন দশক পরও বঙ্গবন্ধু আজো আমাদের নয়নের মণি।’ তিনি বলেন, ‘জাতির পিতার অকালপ্রয়াণে জাতির যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা আজ আমাদের গভীরভাবে উপলব্ধি করার সময় এসেছে। বঙ্গবন্ধুর রেখে যাওয়া আদর্শ বাস্তবায়ন করে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠন করাই হবে এখন আমাদের কাজ।’স্পিকারের বক্তব্যের পর শোকরানা মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন পিরোজপুরের সাংসদ এম এ আউয়াল। এরপর বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্পিকার অধিবেশন মুলতবি ঘোষণা করেন।সংসদে সোহেল তাজ: পদত্যাগী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজীম আহমেদ সোহেল তাজ প্রায় সাত মাস পর গতকাল সংসদে যোগ দেন। তবে সংসদে তিনি কোনো কথা বলেননি। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর গত ৯ জুন তিনি যুক্তরাষ্ট্রে যান।