পাঁচ খুনের তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে: পুলিশ সুপার
নারায়ণগঞ্জ শহরের দুই নম্বর বাবুরাইল এলাকায় আলোচিত দুই শিশুসহ ৫ জনকে খুনের ঘটনায় হওয়া মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছেন পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন। তিনি বলেন, অচিরেই হত্যার রহস্য উদ্ঘাটন করে দেশবাসীকে জানানো হবে।
আজ বুধবার রাত সাড়ে ৮টায় জেলার পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিনের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শনে গেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোখলেছুর রহমান ও নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেকও উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মহিদ উদ্দিন বলেন, তদন্তে পাওয়া ছোট ছোট বিষয়গুলো আমরা মিলিয়ে দেখছি। আমরা তদন্তের জন্য প্রতিটি মুহূর্তটা ব্যবহার করতে চাচ্ছি এবং সে জন্য একাধিকবার এই জায়গাটিতে আসছি। তার ধারাবাহিকতায় ছোট ছোট বিষগুলোকে আমরা তদন্তের জন্য জোড়া দেওয়ার চেষ্টা করছি। সুন্দর ও নির্ভুল তদন্তের জন্য আমরা ছোটখাট বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে দেখছি। তদন্তের যথেষ্ট অগ্রগতি হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব হত্যার রহস্য উদ্ঘাটন করে দেশবাসীকে জানানো হবে।