পাঁচ গুণ বেশি মাশুল আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া হাটের ইজারাদারের বিরুদ্ধে সরকার-নির্ধারিত মাশুলের (টোল) চেয়ে অন্তত পাঁচ গুণ বেশি হারে মাশুল আদায়ের অভিযোগ পাওয়া গেছে। চাহিদামতো মাশুল না দিলে ক্রেতা-বিক্রেতাদের নাজেহাল করারও অভিযোগ উঠেছে।

মৌখাড়া হাটের কয়েকজন ব্যবসায়ী বলেন, এই হাটটি জেলার গবাদিপশু ও কৃষিজাত পণ্য বেচাকেনার সবচেয়ে বড় হাট। এখানে প্রতি শুক্রবার হাট বসে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে হাটে ক্রেতা-বিক্রেতার সংখ্যা বেড়েছে। এ পরিস্থিতিতে হাটের ইজারাদার সরকার-নির্ধারিত হারের চেয়ে অন্তত পাঁচ গুণ বেশি খাজনা (টোল) আদায় করেছেন। চাহিদামোতাবেক খাজনা না দিলে খাজনা আদায়কারীরা ক্রেতা-বিক্রেতাদের নাজেহাল করছেন। প্রতিবাদ করলে বিক্রি করা মালামাল ফেলে দেওয়া ও মারধরের ঘটনাও ঘটছে। হাটের ১৬ জন্য ক্ষুদ্র ব্যবসায়ী ১৭ আগস্ট এসব অভিযোগ জানিয়ে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

১৮ আগস্ট হাটে যান এই প্রতিনিধি। হাটে আদা বিক্রেতা আইনুদ্দিন বলেন, ‘আমি এক মণ আদা বিক্রির জন্য এখানে আইছি। সরকারের হিসাবে আমার খাজনা ২০ টাকা। অথচ ইজারাদারের আদায়কারী ১০০ টাকা আদায় করেছে। প্রথমে দিতে চাইনি। তখন আমার মালামাল ফেলে দিতে লাগছিল। বাধ্য হয়ে দিছি।’ মুরগির ফড়িয়া নজরুল ইসলাম বলেন, ‘আমি ২৫ বছর ধরে এই হাটে মুরগি কেনাবেচা করি। এত দিন ২০ টাকা করে মাশুল দিচ্ছিলাম। এখন ১০০ টাকা মাশুল নিচ্ছে।’ সরকার বিজ্ঞপ্তি দিয়ে গৃহস্থ ও দুস্থ লোক হাঁস, মুরগি, কবুতর বাজারে বিক্রয়ের জন্য নিয়ে এলে তাঁদের মাশুল মওকুফের ঘোষণা দিয়েছে। অথচ এই প্রতিনিধির সামনেই খাজনা আদায়কারী অন্তত ১০ জন গৃহস্থের কাছ থেকে মাশুল আদায় করেছেন। প্রতিবন্ধী ক্ষুদ্র ব্যবসায়ীদের মাশুল মওকুফ থাকলেও প্রতিবন্ধী চা-বিক্রেতা দুদু মিয়ার কাছ থেকে প্রতি হাটে ৫০ থেকে ১০০ টাকা মাশুল আদায় করা হয়। এসব বিষয়ে জানতে চাইলে ইজারাদারের হিসাবরক্ষক মো. টিপু দাবি করেন, বিষয়গুলো তাঁরা জানতেন না।

গরু, ছাগল ও ভেড়া হাটায় ইজারাদারের মাশুল আদায়কারীরা ইচ্ছেমতো মাশুল আদায় করছেন। কিন্তু মাশুলের পরিমাণ রসিদে লিখছেন না। বড়াইগ্রামের নিশ্চিন্তপুরের জয়নাল হোসেন নামের এক ক্রেতা জানান, তিনি ৬ হাজার ৪০০ টাকা দিয়ে ছাগল কিনেছেন। তাঁর কাছ থেকে ৩০০ টাকা মাশুল নেওয়া হয়েছে। অথচ রসিদে এ টাকার কথা উল্লেখ নেই। সরকারি হিসাবেপ্রতিটি গরু, মহিষ, ঘোড়া, বিক্রি বাবদ (বড়-ছোট প্রকারভেদে) বিক্রেতার মাশুল ১০ থেকে ৫০ টাকা ও ক্রেতার ২০০ থেকে ৫০০ টাকা। অথচ এখানে গরু-মহিষ বাবদ ১ থেকে ৫ হাজার টাকা মাশুল আদায় করা হচ্ছে। মাশুল আদায়কারী জহুরুল ইসলাম জানান, তাঁরা এভাবেই রসিদ লেখেন। মাশুলের পরিমাণ নির্ধারণ করেন পশুর দাম অনুযায়ী।

এ ব্যাপারে জানতে ইজারাদার মাজেদুল বারী ওরফে নয়নকে হাট কার্যালয়ে গিয়ে পাওয়া যায়নি। সেখানে কর্মরত হিসাবরক্ষক মো. টিপু বলেন, ইজারাদার অন্য একটি কার্যালয়ে আছেন। সেই কার্যালয়ে গিয়েও তাঁকে পাওয়া যায়নি। সেখান থেকে বলা হয়, তিনি চিকিৎসার জন্য ভারতে গেছেন। এরপর তাঁর মুঠোফোন নম্বরে একাধিকবার ফোন করা হলে মুঠোফোন বাজলেও তিনি ফোন ধরেননি।

ইউএনও ইসরাত ফারজানা বলেন, তিনি লিখিত অভিযোগ পেয়েছেন। এ ব্যাপারে ইজারাদারকে চিঠি দেওয়া হয়েছে।