‘একুশের ঐকতানে, আজ বাঙালি বিশ্বমানে’ স্লোগান বুকে ধরে ২১ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গার দর্শনা পৌর মাঠে শুরু হয়েছিল ‘অনির্বাণ একুশে নাট্যমেলা-২০১৭’। প্রথম আলোর সহযোগিতায় দর্শনার অনির্বাণ থিয়েটার দুই বাংলার নাটক ও সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে আট দিনব্যাপী বর্ণিল উৎসবের আয়োজন করেছিল। গতকাল মঙ্গলবার উৎসবের আনুষ্ঠানিক পর্দা নেমেছে।
উৎসবকে স্মরণীয় করে রাখতে গতকাল শেষ দিনে আয়োজকদের পক্ষ থেকে চার মুক্তিযোদ্ধা সংগঠকসহ বরেণ্য পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত গুণীজনেরা হলেন মুক্তিযোদ্ধা সংগঠক ও শিক্ষাবিদ আনসার আলী, মুক্তিযোদ্ধা শাহজাহান আলী, মুক্তিযোদ্ধা ও রাজনীতিক আশরাফ আলী, মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সদ্য বিদায়ী মহাপরিচালক মো. আবদুল হামিদ।
সম্মাননা পাওয়া গুণীজনদের একটি করে উত্তরীয়, সম্মাননা ক্রেস্ট ও শাল উপহার দেওয়া হয়। এ সময় মাইকে ভেসে আসা ‘ও আলোর পথ যাত্রী’ গানটি অন্য রকম আবহ তৈরি করে।
গতকালও যথারীতি বিকেল চারটায় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। শেষ দিনে দর্শনা সরকারি কলেজের ছাত্রছাত্রীরা অংশ নেন।
সন্ধ্যায় সমাপনী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনির্বাণ থিয়েটারের সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অনির্বাণ থিয়েটারের তিন উপদেষ্টা শহীদুল ইসলাম, মহসীন আলী ও নুরুল ইসলাম মালিক এবং প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন অনির্বাণ থিয়েটারের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।
রাতে আঞ্চলিক নন্দিত দুই কণ্ঠশিল্পী চুয়াডাঙ্গার শান্ত আহমেদ ও চ্যানেল আইয়ের খুদে গানরাজ মেহেরপুরের উদয়।
২১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া উৎসবের নাম নাট্যমেলা হলেও নাটকের পাশাপাশি দর্শকেরা প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠানমালা উপভোগ করেন। উৎসব মঞ্চের চারদিকে গ্রামীণ মেলার আদলে সাজানো হয়। প্রবেশ পথ থেকে শুরু করে মঞ্চ এবং প্রতিটি স্টলে ছিল নান্দনিকতার ছোঁয়া। নান্দনিক দর্শনা নামে একটি স্টলও ছিল মেলার মাঠে। গ্রামীণ ভাপা, পুলি, চিতই পিঠার পাশাপাশি আধুনিক খাবারের সমারোহ ছিল মেলা প্রাঙ্গণে। নাগরদোলাসহ শিশুদের বিনোদন উপযোগী বিভিন্ন রাইডস বসানো হয় সেখানে। মেলায় আগত দর্শনার্থীদের জন্য মাঠের প্রতিটি প্রান্তেই ছিল খড়ের ছোট ছোট ছাউনি।