পাঁচ গ্রামে এক তারে বিদ্যুৎ সরবরাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের পাঁচটি গ্রামে প্রায় দুই বছর ধরে এক তারে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে ছিঁড়ে যাওয়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে।
পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) নড়াইল কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৩ সালে ১১ কেভি ক্ষমতার তিন ফেসের (তিনটি তার) তার দিয়ে লাইন টেনে পুরুলিয়া ইউনিয়নের পুরুলিয়া, দেওয়াডাঙ্গা, পারবিষ্ণুপুর, নওয়াগ্রাম, ভোমবাগ গ্রামে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়। এসব গ্রামে এক হাজার ৬০০ গ্রাহক আছেন। প্রায় দুই বছর আগে নবগঙ্গা নদীর ভাঙনে ওই লাইনের দুটি তার ছিঁড়ে যায়। তখন থেকে এক তার দিয়েই ওই পাঁচ গ্রামে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
গত বুধবার সরেজমিনে দেখা গেছে, বিদ্যুতের লাইনটি উপজেলার বারইপাড়া পুরাতন ফেরিঘাট এলাকা থেকে নওয়াগ্রাম হয়ে পারবিষ্ণুপুর গ্রামের দিকে চলে গেছে। লাইনের ছিঁড়ে যাওয়া একটি তার বারইপাড়া ফেরিঘাট এলাকা থেকে নওয়াগ্রাম পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকায় ঝুলে আছে। এটি এত বেশি নিচুতে ঝুলে আছে যে, যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
পুরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুনার রশিদ জানান, ৮ জুলাই ওই তারে জড়িয়ে দেওয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা দিনমজুর শমসের মোল্যা (৩২) মারা গেছেন। ঘটনার পর তিনটি তার দিয়ে বিদ্যুৎ সরবরাহ করার জন্য উল্লিখিত পাঁচ গ্রামের বাসিন্দারা পবিসর কার্যালয়ে আবেদন করেছেন।
নওয়াগ্রামের ব্যবসায়ী শিপলু মোল্যা বলেন, বিদ্যুৎ-সংযোগ পাওয়ার পর এই এলাকায় বেশ কয়েকটি ক্ষুদ্র শিল্পকারখানা গড়ে উঠেছে। বিশেষ করে ডকইয়ার্ড গড়ে ওঠায় এখানে ইঞ্জিনচালিত ট্রলার তৈরি হচ্ছে। এসব কারখানায় তিন শতাধিক শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। কিন্তু একটি ফেস চালু থাকায় যথাযথভাবে কাজ করা যাচ্ছে না। তিন ফেস চালু করার ব্যাপারে পবিসর নড়াইল সদর উপজেলার তালতলা আঞ্চলিক কার্যালয়ে একাধিকবার আবেদন করেও কোনো লাভ হয়নি। পুরুলিয়া ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য জিয়াউর মোল্যা বলেন, সামান্য বাতাসে তার নাড়া লাগলে বিদ্যুৎ চলে যায়।
পবিসর নড়াইল কার্যালয়ের উপমহাব্যবস্থাপক হেমাজ উদ্দীন সরকার বলেন, ‘শুনেছি কিছুদিন আগে ওই এলাকায় বৈদ্যুতিক তারে জড়িয়ে একজন শ্রমিক মারা গেছেন। সমস্যা সমাধানের জন্য সম্প্রতি ওই লাইনে দুটি তার লাগানোর কাজ শুরু হয়েছে।’