পাঁচ গ্রামের বাসিন্দা গ্রেপ্তার-আতঙ্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোয়েন্দা পুলিশের করা দুটি মামলার জন্য গ্রেপ্তার-আতঙ্কে রয়েছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পাঁচ গ্রামের বাসিন্দারা। গত ২৬ মার্চ ওই মামলাগুলো করেন গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মিঠু মিয়া।
মামলার পর থেকে ১৭ দিন ধরে রাতে ওই গ্রামগুলোতে কোনো পুরুষ থাকে না বলে জানা গেছে। ভয় ও গ্রেপ্তারের আতঙ্কে সন্ধ্যার পর ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে অন্যত্র সরে পড়েন।
এলাকার অনেকে ও পুলিশ জানায়, গত ২৫ মার্চ সন্ধ্যায় গোয়েন্দা পুলিশ উপজেলার নন্নী বাজারে অভিযান চালিয়ে মদসহ হাবিবুর রহমানকে আটক করে। পরে হাবিবুরের কথামতো শাহীন মিয়াকে (২৫) আটক করা হয়। এ সময় জনতার সঙ্গে গোয়েন্দা পুলিশের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশ গুলি করতে উদ্যত হলে জনতা শাহীনকে ছিনিয়ে নিয়ে পাঁচ পুলিশকে পিটুনি দেয়। পরে এলাকাবাসী তাদের নন্নী ইউনিয়ন পরিষদের (ইউপি) একটি কক্ষে আটকে রাখে।
খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মুখলেছুর রহমান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে এ ঘটনায় গত ২৬ মার্চ এসআই মিঠু মাদকদ্রব্য আইনে তিনজন ও পুলিশের কাজে বাধা দেওয়ায় ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও প্রায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় ইতিমধ্যে ১৫ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
সরেজমিনে এলাকার অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি রাতে গোয়েন্দা পুলিশের অভিযানের ভয়ে ডেকরাপাড়া, বাজুপাড়, নয়াপাড়া, বন্ধধারা ও বাইগরপাড়া গ্রামের প্রায় সাড়ে তিন থেকে চার হাজার পুরুষ অন্যত্র থাকেন। ব্যবসায়ীরা সন্ধ্যার পর দোকান বন্ধ করে অন্য কোথাও চলে যান।
নন্নী বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি বাবুল হোসেন বলেন, ‘আমরা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি। বিষয়টি দ্রুত সমাধানের জন্য পুলিশ সুপারের সহানুভূতি কামনা করছি।’
পুলিশ সুপার (এসপি) মেহেদুল করিম জানান, অপরাধ না করলে তো ভয়ে থাকার কারণ নেই। মূলত যারা অপরাধী, তারাই ভয় পায়। তবে নির্দোষ কেউ যেন হয়রানির শিকার না হয়, সে দিকটা দেখা হবে।