পাঁচ গ্রামের মানুষের ৪০ বছরের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি সেতুর অভাবে ৪০ বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছে পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের পাঁচটি গ্রামের প্রায় আট হাজার মানুষ। ইউনিয়নের সজনাই গ্রামের জমিন উদ্দিন আক্ষেপ করে বলেন, ‘ইলিকশন হয়ে যাওয়ার পর আর কেউ কথা রাহে নাই। ভোট আসলি হবাই অ্যাসে, কয় আমাক ভোট দেও, পাস করলি ব্রিজ বানায়ে দেব। কিন্তুক কথা দিয়ে কেউ কথা রাহে নাই, বাই (ভাই)।’জানা গেছে, পার্শ্বডাঙ্গা ইউনিয়ন সদরের বাজারের পূর্ব পাশে চিকনাই নদী। সেই নদীর ওপর রয়েছে প্রায় ৩০০ ফুট দীর্ঘ একটি বাঁশের সাঁকো। ৪০ বছর ধরে এই সাঁকোর ওপর দিয়ে নদীর পশ্চিম পারের সজনাই, আলমনগর, ক্ষেতাভাগাসহ পাঁচটি গ্রামের প্রায় আট হাজার মানুষ পারাপার হয়। সাঁকোর এপারে ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্র, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি কলেজসহ হাটবাজার—সবকিছুই। পাঁচ গ্রামের শিশুদের প্রতিদিন ওই সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে স্কুলে যাতায়াত করতে হয়। সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ সাঁকো পারাপার হচ্ছে। এ সময় আলমনগর গ্রামের নবীর হোসেন বলেন, ‘আমাগারে দুঃখীর কথা লেখপেন, বাই। ব্রিজডা যেনি হয়। ছাওয়ালপালেক ইসকুলি পাঠায়ে ভয়ে থাহি। যুদি সাঁহো তেহে পোড়ে যায়।’ ক্ষেতাভাগা গ্রামের কৃষক মজিবুর রহমান বলেন, ‘আশপাশে কোনো বাজারহাট নাই। এই সাঁহো পার হয়েই পার্শ্বডাঙ্গা হাটবাজারে ফসল মাথা কোরে বেচপের যাওয়া লাগে। বোঝা মাথায় লিয়ে এ্যাতো বড় সাঁহো কি পার হওয়া যায়, কন বাই।’ পার্শ্বডাঙ্গা গ্রামের ব্যবসায়ী আবদুল হামিদ বলেন, ‘প্রিরায় প্রত্যেক দিনই সাঁহো পার হওয়ার সুময় ছাওয়ালপাল নদীত পড়ে যায়। আর ব্যবসিকগারে মালামাল আনা-লেওয়া করায় তো কষ্টের শেষ থাহে না।’ পার্শ্বডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র রাকিব হোসেন বলে, ‘ইসকুলি যাওয়া-আসার সময় ভয়ে ভয়ে সাঁহো পার হই। মনে হয়, পড়ে যাবোনে।’ পার্শ্বডাঙ্গা ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের শিক্ষক জোলেখা খাতুন বলেন, ‘ওই ইলাকার অসুস্থ মানুষকে দ্রুত হাসপাতালে লেওয়ার পথে প্রধান বাধা এই সাঁকো।’ পার্শ্বডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল করিম বলেন, ‘আমি সেতু স্থাপনের জন্য প্রকল্প দিয়েছি। এলাকাবাসীর কষ্টের কথা স্থানীয় সাংসদকে বলেছি।’