রাঙামাটির জুরাছড়ি উপজেলায় একটি বন্য হাতির উপদ্রবে সদর ইউনিয়নে পাঁচ গ্রামের চার শতাধিক পরিবারের লোকজনের কাজকর্ম ও ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে যাওয়া বন্ধ হয়ে গেছে। গত ১০ দিনে হাতিটি এসব গ্রামে কমপক্ষে আট থেকে দশ লাখ টাকার জুমের ধান, সমতলে রোপণ করা ধানি জমি এবং বিভিন্ন ফলমূল নষ্ট করে দিচ্ছে।১৪৭ নম্বর লুলংছড়ি মৌজার হেডম্যান (মৌজাপ্রধান) রাঙাচান চাকমা জানান, হাতির ভয়ে গ্রামের লোকজনের চলাচল, কাজকর্ম বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে যাওয়া। সামিরামুখ গ্রামের লক্ষ্মী চন্দ্র চাকমা (৪৫) বলেন, ‘হাতির ভয়ে আমরা সোজা পথে জুরাছড়ি সদরে যেতে পারছি না। নৌকায় করে ঘুরে আসা-যাওয়া করতে হচ্ছে। আগে যেখানে ৪৫ মিনিট সময় লাগত, এখন লাগে দেড় ঘণ্টার বেশি।’ বালুখালী মুখ গ্রামের কার্বারি (গ্রামের প্রধান) সুরেশ কুমার চাকমা বলেন, হাতিটি ১০ দিনের বেশি এখানে উপদ্রব করছে। বিষয়টি জানার পরও প্রশাসন কিছুই করছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেলাল উদ্দিন বলেন,আজকালের মধ্যে বিষয়টি জেলা প্রশাসন ও বন বিভাগকে জানানো হবে।