কুয়াশার কারণে পাঁচ ঘণ্টার বেশি সময় বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরিসহ অন্যান্য নৌযান চলাচল শুরু হয়েছে। গতকাল রোববার সকাল ১০টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার ভোররাত থেকে নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে থাকলে ভোর পাঁচটা থেকে ফেরি চলাচল বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এ সময় রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ছোট-বড় সাতটি ফেরি নোঙর করে থাকে।
অন্যদিকে পাটুরিয়া ঘাট থেকে যানবাহন বোঝাই রো রো ফেরি শাহ মখদুম, ইউটিলিটি ফেরি হাসনা হেনা ও মাধবীলতা মাঝনদীতে পৌঁছালেও কুয়াশার কারণে সামনে কিছু না দেখতে পেয়ে আটকা পড়ে। এ ছাড়া রো রো ফেরি শাহ জালাল ও ইউটিলিটি ফেরি রজনীগন্ধা মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটেই নোঙর করে থাকতে বাধ্য হয়। সকাল ১০টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। দীর্ঘ পাঁচ ঘণ্টার বেশি ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে বেশ কিছু যানবাহন নদী পারের অপেক্ষায় আটকা পড়ে।
এর আগে কুয়াশার কারণে গত শনিবার ভোর সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত এক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।