পাঁচ ঘণ্টা পর বিদ্যুৎ, ছিল মাত্র আধা ঘণ্টা, তারপর খবর নেই
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার সকালে চট্টগ্রামের হালিশহরে সেনাবাহিনীর আর্টিলারি সেন্টারে আর্টিলারি রেজিমেন্টের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন। প্রধানমন্ত্রীর উপস্থিতির পরও হালিশহর এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় সাড়ে তিন ঘণ্টা বিদ্যুৎ ছিল না।নগরের বহদ্দারহাট খতিবের হাট এলাকার ব্যবসায়ী মেজবাহ উদ্দিন বলেন, গতকাল দুপুর ১২টায় বিদ্যুৎ চলে যায়। আসে পাঁচ ঘণ্টা পর বিকেল পাঁচটায়। কিন্তু ৩০ মিনিট থাকার পর আবারও চলে যায় এবং সন্ধ্যার আগে আর বিদ্যুতের দেখা মেলেনি। পশ্চিম বাকলিয়ার ব্যবসায়ী মালেক চৌধুরী বলেন, মঙ্গলবার রাতের বেলায় বিদ্যুৎ ছিল মাত্র দুই ঘণ্টা। খোঁজ নিয়ে জানা গেছে, গরমের মৌসুম শুরুর পর মঙ্গলবার রাতে এবং গতকাল চট্টগ্রাম সর্বোচ্চ লোডশেডিংয়ের কবলে পড়ে। পিডিবির হিসাব অনুযায়ী, চট্টগ্রামে বিদু্যুতের চাহিদা ৬৫০ মেগাওয়াট, কিন্তু গতকাল চাহিদার চেয়ে ৩৭০ মেগাওয়াট বিদ্যুৎ কম সরবরাহ পাওয়া যায়। পিডিবির প্রকৌশলীরা বলেন, চট্টগ্রামে চাহিদার চেয়ে উৎপাদন কম হওয়ায় এবং জাতীয় গ্রিড থেকে চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় বিদ্যুৎ-সরবরাহ কম হচ্ছে।রাউজান ও শিকলবাহা তাপবিদ্যুৎ-কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু তাহের প্রথম আলোকে বলেন, গরম শুরুর সঙ্গে সঙ্গে বিদ্যুতের চাহিদা বেড়ে গেছে, সে অনুযায়ী উৎপাদন বাড়ানো যায়নি। কাপ্তাই হ্রদে পানি কমে যাওয়ায় কর্ণফুলী পানিবিদ্যুৎ-কেন্দ্রে উৎপাদন কমে গেছে। গ্যাস পাওয়া যাচ্ছে না বলে রাউজান তাপবিদ্যুৎ-কেন্দ্রের ২ নম্বর ইউনিট বন্ধ। ফলে বিদ্যুৎ সরবরাহ কমেছে।গতকাল পর্যন্ত চট্টগ্রামে বিদ্যুৎ পাওয়া যায় মাত্র ২৮০ মেগাওয়াট। এর মধ্যে রাউজান তাপবিদ্যুৎ-কেন্দ্রের ১ নম্বর ইউনিট থেকে ১৪০ মেগাওয়াট এবং কর্ণফুলী পানিবিদ্যুৎ প্রকল্প থেকে পাওয়া যায় মাত্র ৪০ মেগাওয়াট। একই সময়ে জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ পাওয়া গেছে প্রায় ১০০ মেগাওয়াট।