পাঁচ ঘণ্টার ব্যবধানে ৫০ লাখ টাকা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গতকাল বৃহস্পতিবার প্রায় পাঁচ ঘণ্টার ব্যবধানে দুর্বৃত্তরা গুলি করে নগদ অর্থসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে। বেলা সাড়ে তিনটার দিকে আশুলিয়া-আবদুল্লাহপুরের ব্যস্ত সড়কে একটি স্পিনিং মিলের প্রায় ৪০ লাখ টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা। রাত পৌনে নয়টার দিকে পুরান ঢাকার পাটুয়াটুলিতে একটি দোকানে দুর্বৃত্তরা ঢুকে গুলি করে আট লাখ টাকা ও বেশ কয়েকটি মুঠোফোন লুটে নেয়। পুলিশ জানায়, ডেলটা স্পিনিং মিলস নামের ওই প্রতিষ্ঠানটির পাঁচ কর্মকর্তা বারিধারার কার্যালয় থেকে ৩৯ লাখ ৮৭ হাজার টাকা নিয়ে মাইক্রোবাসে কাশিমপুরের কারখানায় যাচ্ছিলেন। আশুলিয়া-আবদুল্লাহপুর সড়কে একটি হাসপাতালের সামনে দুটি মোটরসাইকেলে চার-পাঁচজন দুর্বৃত্ত মাইক্রোবাসের সামনে দাঁড়িয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে ও মাইক্রোবাসের কাচ ভাঙচুর করে তারা আতঙ্ক সৃষ্টি করে। এরপর যাত্রীদের কাছে তিনটি ব্যাগে থাকা টাকাগুলো নিয়ে উত্তরা ১০ নম্বর সেক্টরের দিকে দ্রুত পালিয়ে যায়।উত্তরা থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদের জন্য মাইক্রোবাসের চালক ও যাত্রীসহ ছয়জনকে আটক করা হয়েছে। তিনি জানান, গতকাল দুপুরে ইসলামী ব্যাংকের মৌচাক শাখা থেকে ৬৬ লাখ টাকা তোলেন ওই কর্মকর্তারা। কার্যালয়ে কিছু টাকা রেখে বাকিটা নিয়ে তাঁরা রওনা দেন বলে পুলিশকে জানিয়েছেন। উত্তরা জোনের পুলিশের একজন কর্মকর্তা জানান, ছিনতাইকারীরা ফাঁকা গুলি করেছে, কাউকে আহত করেনি। গাড়িতে থাকা নিরাপত্তারক্ষী ছিনতাইয়ের সময় নিষ্ক্রিয় ছিলেন। এ বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।জানা যায়, রাত পৌনে নয়টার দিকে পুরান ঢাকার পাটুয়াটুলীতে সিটি টেলিকম সেন্টার নামের একটি দোকানে দুর্বৃত্তরা হানা দেয়। দুর্বৃত্তরা আট লাখ টাকা ও বেশ কয়েকটি মুঠোফোন নিয়ে যায়। পালানোর সময় স্থানীয় লোকজন দুই দুর্বৃত্তকে ধরে ফেলে। তাদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। দোকান মালিকের বরাত দিয়ে পুলিশ জানায়, ৫৮ নম্বর পাটুয়াটুলীর সিটি টেলিকম সেন্টারে দোকানের মালিকের ছোট ভাই আতিকুর রহমান বসে ছিলেন। এ সময় আট-নয়জন সন্ত্রাসী দোকানে ঢুকে তার পায়ে গুলি করে টাকা ও মুঠোফোন নিয়ে যায়। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, আহত আতিকুর রহমানকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঠিক কত টাকা লুট করা হয়েছে, তা নিশ্চিত নয় পুলিশ।