
বরিশাল-ঢাকা নৌপথে যাত্রীদের দ্রুত পৌঁছে দেওয়ার নিশ্চয়তা নিয়ে চালু হচ্ছে দিবা যাত্রীসেবা। মাত্র পাঁচ ঘণ্টায় বরিশাল থেকে ঢাকা পৌঁছে দেওয়ার নিশ্চয়তা দিয়ে এই সেবা চালু করছে গ্রিন লাইন ওয়াটারওয়েজ। প্রতিদিন দুটি জাহাজ যাত্রী পরিবহন করবে।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় ঢাকা নৌবন্দরে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন নৌমন্ত্রী শাজাহান খান।
গ্রিন লাইন ওয়াটারওয়েজ কর্তৃপক্ষ জানায়, প্রায় ৬০০ যাত্রী বহনে সক্ষম এমভি গ্রিন লাইন-২ ও এমভি গ্রিন লাইন-৩ নামের জাহাজ দুটি দিবা যাত্রীসেবার জন্য নির্মাণ করা হয়েছে। জাহাজ দুটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১৫ কোটি টাকা। প্রতিদিন বরিশাল থেকে সকাল আটটা এবং বেলা তিনটায় যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে জাহাজ দুটি। একইভাবে ঢাকা নৌবন্দর থেকে বেলা তিনটা ও সকাল আটটায় যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে ছেড়ে যাবে।
বিআইডব্লিউটিএ নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ বরিশালের উপপরিচালক আবুল বাসার মজুমদার প্রথম আলোকে বলেন, ঢাকা-বরিশাল নৌপথে গ্রিন লাইন ওয়াটারওয়েজের দুটি জাহাজ যাত্রী সার্ভিস শুরু করতে যাচ্ছে। তাদের রুট পারমিট দেওয়া হয়েছে। মন্ত্রী আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। ঈদুল আজহায় এই সার্ভিস চালু থাকবে। বরিশাল থেকে দুবার এবং ঢাকা থেকে দুবার যাত্রী পরিবহন করবে। দিনের বেলা এই সেবার ফলে লঞ্চের ওপর থেকে বাড়তি চাপ কমে আসবে। এমনিতে লঞ্চে বরিশাল থেকে ঢাকায় যেতে ৮ থেকে ১০ ঘণ্টা সময় লাগে বলে জানালেন এই কর্মকর্তা।
গ্রিন লাইন ওয়াটারওয়েজ বরিশালের কর্মকর্তা মো. বাদশা বলেন, বিমানের আদলে গড়া এ জাহাজ দুটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। বিমানের মতো ইকোনমি ও বিজনেস ক্লাস দুই ক্যাটাগরির আসনবিন্যাস রয়েছে। মাত্র পাঁচ ঘণ্টায় এ জাহাজে ঢাকা-বরিশাল যাতায়াত করা যাবে। ইকোনমি ক্লাসের ভাড়া ৭০০ টাকা এবং বিজনেস ক্লাসের ভাড়া ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ভাড়ার ওই টাকার মধ্যেই থাকবে খাবার ব্যবস্থাও।
এদিকে বরিশাল-ঢাকা নৌপথে দ্রুতগতির দিবা যাত্রীসেবা চালুর উদ্যোগ নেওয়ায় অভিনন্দন জানিয়েছেন নগরবাসী। যাত্রীদের জিম্মি করে লঞ্চ রোটেশন প্রথা বাতিলে এই সার্ভিস ভূমিকা রাখতে পারবে—এমনই আশা তাঁদের। একই সঙ্গে এই সার্ভিস যেন লঞ্চমালিকদের দাপটে বন্ধ হয়ে না যায়, সেদিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন।
লঞ্চ রোটেশন প্রথা বাতিল কমিটির সদস্যসচিব কাজী এনায়েত হোসেন প্রথম আলোকে বলেন, দ্রুতগতির জাহাজ চলাচল করলে যাত্রীরা আগ্রহী হবে। এক বছর আগে দ্রুতগতির একটি জাহাজ বরিশাল-ঢাকা নৌপথে চালু হয়েছিল। কিন্তু লঞ্চমালিকদের দাপটে তারা টিকতে পারেনি। এই সার্ভিস যাতে বন্ধ না হয় সে জন্য প্রশাসনিক নজরদারি লাগবে।