বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ঈশা খাঁ হলের পাঁচজন ছাত্রকে গত সোমবার কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর প্রতিবাদে একই দিন সন্ধ্যায় মশালমিছিল করেন ওই আবাসিক হলের শিক্ষার্থীরা।প্রক্টর কার্যালয় সূত্রে জানা যায়, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে পরিত্যক্ত ঈশা খাঁ হলে প্রবেশ, উপাচার্য, ছাত্র উপদেষ্টা ও প্রক্টরের কুশপুত্তলিকা দাহ এবং প্রশাসনের আইন অমান্য করে ক্যাম্পাসে মিছিল-সভা করায় ওই পাঁচ ছাত্রকে এ নোটিশ দেওয়া হয়। এ পাঁচ শিক্ষার্থী হলেন কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের স্নাতক সমাপনী বর্ষের ফরহাদ বিন খালেদ ও মাহফুজ, স্নাতকোত্তরের মো. রিয়াদ, কৃষি অনুষদের তৃতীয় বর্ষের মিঠুন এবং মৎস্যবিজ্ঞান অনুষদের তৃতীয় বর্ষের কাজল।২৮ মার্চের মধ্যে তাঁদের নোটিশের জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় প্রশাসন শাস্তিমূলক ব্যবস্থা নেবে বলেও জানানো হয়।