যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
পাঁচ ছাত্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার প্রতিবাদে বিক্ষোভ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঁচজন ছাত্রের বহিষ্কারের সুপারিশের প্রতিবাদে শিক্ষার্থীরা গতকাল রোববার পরীক্ষা ও ক্লাস বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন। বিকেলে শিক্ষার্থী যশোর শহরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থী সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারীর সঙ্গে ছাত্রদের মারামারির ঘটনায় বিশ্ববিদ্যালয় থেকে পাঁচজন ছাত্রকে বহিষ্কারের সিদ্ধান্ত নজিরবিহীন ঘটনা। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত থেকে সরে না এলে লাগাতার আন্দোলন কর্মসূচির ডাক দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, জিন প্রকৌশলী ও জৈবপ্রযুক্তি (জিইবিটি) বিভাগের স্নাতকোত্তর পর্বের একজন ছাত্রকে আজীবন, দুজনকে এক বছর করে ও অপর দুজনকে আবাসিক হল থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। এ ছাড়া একজন নিরাপত্তাকর্মীকেও চাকরি থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উচ্চ ক্ষমতাসম্পন্ন রিজেন্ট বোর্ডের সভায় গত শনিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সিদ্ধান্ত বাস্তবায়ন না করার দাবিতে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে সকাল সাড়ে আটটায় ক্যাম্পাসের অনুষদ ভবনের সামনে অবস্থান নেন। এরপর তাঁরা আর ক্লাসে ফেরেননি। অভ্যন্তরীণ পরীক্ষায়ও বসেননি। বিকেলে শহরে মানববন্ধন কর্মসূচিতে তাঁরা অংশ নেন।
বহিষ্কারের ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. হায়াতুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটির প্রতিবেদনে যে সুপারিশ দেওয়া হয়েছে রিজেন্ট বোর্ড তা গ্রহণ করেছে। যাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে, আত্মপক্ষ সমর্থনের জন্য তাঁদের নোটিশ পাঠানো হবে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় গত বছরের ১০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ নিরাপত্তাকর্মী বদিউজ্জামান বাদলকে কয়েকজন ছাত্র মারধর করেন। পরে বাদল গ্রামবাসীকে সঙ্গে নিয়ে ছাত্রদের ওপর হামলা করেন। সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হন।
এ ঘটনার পর ছাত্ররা বাদলের শাস্তির দাবিতে ক্যাম্পাসে লাগাতার ধর্মঘট ও বিক্ষোভ করেন। বিক্ষোভের মুখে ১৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। ঘটনা তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি গত শনিবার রিজেন্ট বোর্ডে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে।