পাঁচ ছাত্রের বিরুদ্ধে শাস্তির খবরে আন্দোলনে শিক্ষার্থীরা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঁচজন ছাত্রের বিরুদ্ধে বহিষ্কারের সুপারিশ গ্রহণ করার প্রতিবাদে শিক্ষার্থীরা আজ রোববার পরীক্ষা ও ক্লাস বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন। বিকেলে শিক্ষার্থীরা যশোর শহরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারীকে মারধরের জের ধরে গ্রামবাসীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। ওই ঘটনায় জিন প্রকৌশলী ও জৈব প্রযুক্তি (জিইবিটি) বিভাগের স্নাতকোত্তর পর্বের একজন ছাত্রকে আজীবন, দুজনকে এক বছর করে ও অপর দুজনকে আবাসিক হল থেকে বহিষ্কারের সুপারিশ করেছে তদন্ত কমিটি। এ ছাড়া একজন নিরাপত্তাকর্মীকেও চাকরি থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উচ্চক্ষমতাসম্পন্ন রিজেন্ট বোর্ডের সভায় গতকাল শনিবার এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ রোববার বিষয়টি জানার পর শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে সকাল সাড়ে আটটায় ক্যাম্পাসের অনুষদ ভবনের সামনে অবস্থান নেন। এরপর তাঁরা আর ক্লাসে ফেরেননি। বিকেলে শহরে মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা।
বহিষ্কারের সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. হায়াতুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটির প্রতিবেদনে যে সুপারিশ দেওয়া হয়েছে, রিজেন্ট বোর্ড তা গ্রহণ করেছে। যাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে, আত্মপক্ষ সমর্থনের জন্য তাঁদের নোটিশ পাঠানো হবে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় গত বছরের ১০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ নিরাপত্তাকর্মী বদিউজ্জামান বাদলকে কয়েকজন ছাত্র মারধর করেন। পরে বাদল গ্রামবাসীকে সঙ্গে নিয়ে ছাত্রদের ওপর হামলা করেন। সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হন। ছাত্ররা বাদলের শাস্তির দাবিতে ক্যাম্পাসে লাগাতার ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। ঘটনা তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি গতকাল শনিবার রিজেন্ট বোর্ডে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে।