পাঁচ ছিটমহল থেকে ৫৩ জন ভারতে যাচ্ছেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের সদ্য বিলুপ্ত পাঁচটি ছিটমহলের ১৫ পরিবারের ৫৩ জন আজ রোববার প্রথম দফায় স্থায়ীভাবে ভারতে যাচ্ছেন। সকাল সাড়ে আটটায় চিলাহাটি-হলদিবাড়ী সীমান্ত পথে তাঁদের বাংলাদেশ ছেড়ে যাওয়ার কথা।

ছিটমহলগুলো হচ্ছে, সদর উপজেলার গারাতি এবং বোদা উপজেলার নাটকটোকা, বেহুলাডাঙ্গা, কাজলদিঘি ও নাজিরগঞ্জ।

আনুষ্ঠানিকভাবে আজ ভারতে গেলেও গতকাল শনিবারই বাড়ি ঘর ছাড়তে হয়েছে তাঁদের। এদিন দুপুরে কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদে হাজির করা হয় সবাইকে। সেখানে তাঁদের কাস্টমস চেকিং সম্পন্ন হয়েছে।

বিলুপ্ত নাজিরগঞ্জ ছিটমহল থেকে ভারতে যাচ্ছেন এমন দুজন রামানন্দ ও জয়প্রকাশ। গতকাল তাঁদের বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁরা পরিবার-পরিজন নিয়ে ভারত যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তাঁদের স্ত্রী নিশিবালা ও হাসিবালাকে ধরে পাড়াপড়শি আর আত্মীয়-স্বজনরা কাঁদছেন। সবার চোখে জল। গোটা গ্রাম জুড়ে বিষাদের সুর।

ভারত যাওয়ার কারণ জিজ্ঞাসা করলে রামানন্দ (৫০) বলেন, ‘বহুত ইতিহাস, বলা যাবে না। জন্মভূমি, বাপ-দাদার ভিটা ছেড়ে যেতে মন কান্দে। কিন্তু বাবাক কাটে ফেলালাইল, বাড়ি জ্বালায় দিল, বিচার হইল না। অভাব চিরদিন থাকবে, অন্তত স্বাধীনভাবে সম্মানের সহিত থাকিবা পারিম।’

জয় প্রকাশের মেয়ে উচ্চ মাধ্যমিক পাশ টুম্পা রানী বলেন, ‘ভারতে যাচ্ছি, পড়াশোনার সুযোগ পেলে পড়ব। সুখে দুঃখে এত দিন এখানে ছিলাম। এখানকার আলো বাতাসে বড় হয়েছি। আজ চলে যাচ্ছি নতুন ঠিকানায়। মনতো একটু খারাপ হবেই।’

স্ত্রী জানকী ও দুই সন্তান পরিতোষ (১৪) ও রঞ্জিতকে (৯) নিয়ে ভারতে যাচ্ছেন রতন রায় নামে আরেকজন। স্ত্রী জানকীর কান্না গ্রামের সবাইকে কাঁদিয়ে ফেলে। বড়দের পা ছুঁয়ে আশীর্বাদ নিচ্ছেন। অন্যদের গলা ধরে কেঁদে কেঁদে বলছেন, ‘আর দেখা হবেনি।’

রিকশা-ভ্যানে করে ইউনিয়ন পরিষদে আনা হচ্ছিল মা অনিতা রানি ও ছেলে আদেশকে। আত্মীয়-স্বজনরা তাঁদের ধরে রেখেছেন। দুজনেই কাঁদছেন।

সরেজমিনে দেখা যায়, ইউনিয়ন পরিষদের দেওয়ালে জেলা প্রশাসনের পক্ষ থেকে লাগানো ব্যানার। লেখা আছে ‘ভারতে গমন ও বসবাস সুখকর ও আনন্দময় হোক’। ইউনিয়ন পরিষদ চত্বরে অস্থাবর সম্পত্তির স্তূপ। রাজস্ব কর্মকর্তারা এগুলোর তালিকা করছেন। এসব পণ্য পরিবহনের জন্য আনা হয়েছে তিনটি ট্রাক। রাজস্ব কর্মকর্তা আনিছুল ইসলাম বলেন, ‘নিষিদ্ধ পণ্য ছাড়া সব পণ্য নিয়ে যেতে পারবেন’। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও বোদা উপজেলা নির্বাহী অফিসার তদারকি করছেন।

একইভাবে এবং একই পথে আগামীকাল সোমবার দ্বিতীয় দফায় দেবীগঞ্জের কোটভাজনী ও বালাপাড়া খাগড়াবাড়ী ছিটমহল (বিলুপ্ত) থেকে ৩১টি পরিবারের ১৭৭ জন স্থায়ীভাবে চলে যাবেন ভারতে। ২৪ নভেম্বর দেবীগঞ্জ উপজেলার দহলা খাগড়াবাড়ী ছিটমহলের (বিলুপ্ত) ২৯টি পরিবারের ১৪৯ জন এবং ২৬ নভেম্বর দেবীগঞ্জ উপজেলার দহলাখাগড়াবাড়ী ও বোদা উপজেলার দইখাতা ছিটমহলের (বিলুপ্ত) ২৩টি পরিবারের ১০৮ জন একই ভাবে ভারতে যাবেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম আজম বলেন, ‘৪৮৭ জন আবেদন করেছিল ভারতে যেতে কিন্তু এরই মধ্যে আরও দুই শিশু জন্ম নিয়েছে এ জন্য সংখ্যাটা ৪৮৯ জনে দাঁড়িয়েছে। চার দফায় ভারতে পাঠাতে আমরা প্রস্তুত। প্রথম দফায় ১৫ পরিবারের ৫৩ জন নারী-পুরুষ ও শিশু ভারতে যাচ্ছেন। ৫৫ জনের যাওয়ার কথা থাকলেও জমি বিক্রি করতে না পারায় এক পরিবারের দুজন যাচ্ছেন না। জমি বিক্রি করে পরে যাবেন তারা।’

জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ‘পঞ্চগড় জেলার ৩৬ ছিটমহলের ৯৮টি পরিবারের ৪৮৯ জন সদস্য চার দফায় ভারতে যাচ্ছেন। আমরা সকল প্রস্তুতি শেষ করেছি। কেউ যেতে না চাইলে কাউকে জোর করে আমরা পাঠাব না’।