পাঁচ ছিনতাইকারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশার চালক সিদ্দিকুর রহমান হত্যা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রোববার নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে বন্দর থানার পুলিশ। আসামিরা হলেন মনির হোসেন, নুরুল আবছার, আল আমীন, সোহাগ ও সোহেল।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘গ্রেপ্তার পাঁচ আসামির মধ্যে হত্যার দায় স্বীকার করে আসামি মনির হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রিকশা ছিনতাই করতেই তাঁরা চালককে খুন করেন বলে জবানবন্দিতে স্বীকার করেন।’
গত ৬ ফেব্রুয়ারি নগরের বন্দর নিমতলা এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক রিকশাওয়ালার লাশ উদ্ধার করে পুলিশ। ১৫ ফেব্রুয়ারি তাঁর পরিচয় শনাক্ত হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে এ মামলায় জড়িত পাঁচ আসামিকে গ্রেপ্তার করে।