পাঁচ জঙ্গির দাফন 'অজ্ঞাতপরিচয়' হিসেবেই

ঘটনার দুই দিনের মধ্যেই সবার পরিচয় জানা গেলেও ‘অজ্ঞাতপরিচয়’ হিসেবে দাফন করা হলো গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁর সন্দেহভাজন পাঁচ হামলাকারী জঙ্গি ও এক রেস্তোরাঁকর্মীর লাশ। নিহত হওয়ার ৮১ দিন পর গতকাল বৃহস্পতিবার দুপুরে অনেকটা গোপনীয়তার সঙ্গে সেবা সংস্থা আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে রাজধানীর জুরাইন কবরস্থানে তাঁদের দাফন করা হয়। এত দিন লাশগুলো সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ছিল।
যোগাযোগ করা হলে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের উপকমিশনার মহিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল সিএমএইচ থেকে লাশ নিয়ে দাফনের জন্য আঞ্জুমানকে দেওয়া হয়েছে। পরিবারের কাছে কেন লাশ দেওয়া হয়নি জানতে চাইলে তিনি বলেন, ‘কেউ কোনো আবেদন করেনি। আমরা কোনো অফিশিয়াল আবেদন পাইনি।’
তবে নিহতদের মধ্যে দুজনের পরিবারের সদস্যরা প্রথম আলোকে বলেছেন, লাশ নেওয়ার জন্য তাঁরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও ব্যর্থ হয়েছেন। তাঁদের ডেকে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা দিতে বলা হয়েছিল, সেটা তাঁরা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত গতকাল তাঁদের না জানিয়েই আঞ্জুমানের মাধ্যমে লাশ দাফন করে ফেলা হয়েছে।
এর আগে ২৩ আগস্ট ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, লাশগুলোর সঙ্গে স্বজনদের দেওয়া ডিএনএ নমুনা মিলেছে। তাহলে ‘অজ্ঞাতপরিচয়’ হিসেবে কেন দাফন করা হলো—এ বিষয়ে স্পষ্ট করে কেউ কিছু বলছেন না।
গতকাল বিকেলে জুরাইন কবরস্থানের মূল অংশে এবড়োখেবড়ো ছয়টি কবর দেখা যায়। কোনো নাম লেখা নেই, বেড়া দেওয়াও নেই। শুধু এক টুকরা বাঁশের ফালির ওপর ছয়টি সংখ্যা সাদা কালি দিয়ে লেখা রয়েছে। জুরাইন কবরস্থানের নিবন্ধন খাতায় ছয়জনের নামই লেখা রয়েছে ‘অজ্ঞাত পুরুষ’। বয়সের জায়গায় যথাক্রমে লেখা রয়েছে ২২, ২৪, ২৫, ২৬, ২৬ ও ৩৬ বছর। তবে জুরাইন কবরস্থানের কর্মী ও আঞ্জুমান মুফিদুলের কর্মীরা জানিয়েছেন, তাঁদের সবাইকে বলা হয়েছে, এঁরা গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলাকারী। এঁদের নাম হলো রোহান ইমতিয়াজ, নিবরাস ইসলাম, মীর সামেহ মোবাশ্বের, শফিকুল ইসলাম উজ্জ্বল, খায়রুল ইসলাম পায়েল ও রেস্তোরাঁর কর্মী (শেফ) সাইফুল ইসলাম চৌকিদার।
সিএমএইচে গতকাল দুপুর ১২টার দিকে লাশগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল রাশিদুল হাসান প্রথম আলোকে বলেন, দুপুর ১২টার দিকে ছয়টি লাশ গুলশানের হলি আর্টিজানে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তকারী কর্মকর্তা হুমায়ূন কবীরের কাছে হস্তান্তর করা হয়। এ সময় পুলিশের পক্ষ থেকে তিনজন এবং আঞ্জুমান মুফিদুল ইসলামের নয়জন প্রতিনিধি ছিলেন।
জুরাইন কবরস্থানের ইনচার্জ শোয়াইব হোসেন বলেন, আঞ্জুমান থেকে প্রায়ই ফোন করে কবর প্রস্তুত রাখতে বলা হয়। গতকাল সকালেও ছয়টি কবর প্রস্তুত করতে বলা হয়েছিল। বেলা পৌনে দুইটার দিকে কাফনের কাপড় পরানো অবস্থায় লাশগুলো কবরস্থানে আনা হয়। লাশ গাড়ি থেকে নামানোর পর সেখানে তিনি জানাজা পড়ান। জানাজায় আঞ্জুমান ও কবরস্থানের কর্মী মিলিয়ে ১২ জনের মতো ছিলেন। এক ভ্যান পুলিশ পাহারায় ছিল। বেলা তিনটার মধ্যে দাফন শেষ হয়ে যায়।
কবরস্থানের একজন কর্মী বলেন, লাশগুলোর কোনো দুর্গন্ধ ছিল না। কোথাও রক্তের দাগ নেই। খুব ঠান্ডা ও শক্ত ছিল।
সন্ধ্যা পর্যন্ত কবরস্থানে এঁদের কোনো স্বজন আসেনি। তবে সাড়ে পাঁচটার দিকে সেখানে এক ব্যক্তির দেখা পাওয়া যায়। তিনি নিবরাস ইসলামের বাবার বন্ধু পরিচয় দিয়ে বলেন, লাশ গ্রহণের জন্য পরিবার চেষ্টা করেছিল বলে তিনি জানেন।
নিহত আরেকজনের স্বজন নাম প্রকাশ না করার শর্তে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমাদের বলা হয়েছিল ডিএনএ নমুনা মিলে গেলে আমি ছেলের লাশ পাব। পুলিশ আমাদের সঙ্গে যোগাযোগ করবে বলে কথা দিয়েছিল। কিন্তু সেটা তো হলো না। এখন মনে হচ্ছে হয়তো আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, লাশগুলো দেওয়া হবে না।’
নিহত রেস্তোরাঁকর্মী সাইফুলের স্বজনেরা জানান, ঘটনার পরে তাঁরা লাশ নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছেন, একাধিকবার অ্যাম্বুলেন্স নিয়ে সিএমএইচেও গিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। সাইফুলের স্বজনদের দাবি, তিনি ঘটনার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন না।
গুলশানে হামলার মামলায় নিহত পাঁচ জঙ্গির সঙ্গে সাইফুলকেও আসামি হিসেবে উল্লেখ করা হলেও এখন পর্যন্ত পুলিশ তাঁর সম্পৃক্ততা খুঁজে পায়নি। মামলাটির তদন্তকারী সংস্থা কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম গত সোমবার সাংবাদিকদের বলেন, ‘সাইফুল চৌকিদারের সম্পৃক্ততার বিষয়টি এখনো তদন্তে সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা যায়নি। তবে তাঁর সম্পৃক্ততা নেই এ কথাও বলা যাবে না; আবার সম্পৃক্ত ছিলেন, সেটিও নির্ধারিত হয়নি।’
গত ১ জুলাই জঙ্গিরা হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালিয়ে ২০ জন দেশি-বিদেশি নাগরিককে জিম্মি করে হত্যা করে। দুজন পুলিশ কর্মকর্তাও এ সময় নিহত হন। পরে জিম্মি উদ্ধার অভিযানে পাঁচ জঙ্গি ও একজন রেস্তোরাঁকর্মী নিহত হন।