পাঁচ জঙ্গিসহ ছয়জনের লাশ ১৫ দিন পরও মর্গে
গুলশানে ও’কিচেন রেস্তোরাঁ ও হলি আর্টিজান বেকারিতে জিম্মি ঘটনায় নিহত পাঁচ জঙ্গিসহ ছয়জনের লাশ গতকাল শনিবার পর্যন্ত তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি। তাঁদের লাশ সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) মর্গে রাখা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন মীর সামেহ মোবাশ্বের, রোহান ইবনে ইমতিয়াজ, নিবরাস ইসলাম, খায়রুল ইসলাম পায়েল, শফিকুল ইসলাম ওরফে উজ্জ্বল ও হলি আর্টিজান রেস্তোরাঁর বাবুর্চি সন্দেহভাজন সাইফুল চৌকিদার। নিহত ব্যক্তিদের স্বজনেরা বলছেন, তাঁরা লাশ নিতে এর আগে পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন। কিন্তু পুলিশ তাঁদের কিছুই বলছে না।
গুলশানে জঙ্গি হামলার ঘটনায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, লাশ হস্তান্তরের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ১ জুলাই রাতে হলি আর্টিজান রেস্তোরাঁয় হানা দেয় জঙ্গিরা। ওই রাতে অভিযান চালাতে গিয়ে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা রবিউল করিম ও সালাউদ্দিন খান। পরদিন সকালে সেনা কমান্ডোদের নেতৃত্বে সমন্বিত অভিযানে পাঁচ জঙ্গিসহ ছয়জন নিহত হন। সেখান থেকে ১৭ বিদেশিসহ ২০ জিম্মির লাশ উদ্ধার করা হয়। অভিযানের আগে ও পরে উদ্ধার করা হয় দেশি-বিদেশি ৩২ জনকে। ওই দিনের ঘটনায় রেস্তোরাঁর আহত কর্মী লাজারুস সরেন ও জাকিরুল হোসেনকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদ শেষে জাকিরুলকে আবার হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
মামলার তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গুলশানে জঙ্গি হামলার ঘটনায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম বিভাগের পরিদর্শক মো. হুমায়ুন কবির গত বুধবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হলি আর্টিজান রেস্তোরাঁর কর্মী জাকিরুল হোসেন ও লাজারুস সরেনকে ডিবি কার্যালয়ে নিয়ে যান। সেখানে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। জানা গেছে, হাতবোমার স্প্লিন্টারের আঘাতে জাকিরুলের হাত ও পেট এবং লাজারুসের পা জখম হয়েছিল।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা কাউন্টার টেররিজমের ভারপ্রাপ্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম গত শুক্রবার প্রথম আলোকে বলেন, জাকিরুল ও লাজারুস ঘটনার প্রত্যক্ষদর্শী। তাই তাঁদের বক্তব্য সাক্ষী হিসেবে নেওয়া হয়েছে। তবে এ মামলায় এখনো কাউকে গ্রেপ্তার দেখানো হয়নি।
এদিকে জিম্মিদশা থেকে উদ্ধারের পর হাসনাত রেজা করিম ও ব্যবসায়ী পুত্র তাহমিদ হাসিব খান সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মুখ খুলছে না। তাঁদের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে গত সোমবার মামলার খোঁজ নিয়ে জানা গেলেও পুলিশ কর্মকর্তারা বলে আসছেন তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।
হাসনাত রেজা করিম ও তাহমিদ হাসিব খানের পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে, তাঁরা বাসায় ফিরে আসেননি। দুই পরিবার মনে করছে, হাসনাত করিম ও তাহমিদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে রয়েছে। হলি আর্টিজান বেকারি থেকে উদ্ধারের পর হাসনাত রেজা করিম ও তাহমিদ হাসিব খান পুলিশ হেফাজতে আছেন কি না, এর জবাবে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের বলেন, তদন্ত দল এটা বলতে পারবে। জঙ্গি হামলার ঘটনায় তাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে কি না, এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, তা জিজ্ঞাসাবাদের পর্যায়ে রয়েছে।
এদিকে গুলশানে রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা সদর দপ্তরে নিয়ে যাওয়া দুই জিম্মি হাসানাত করিম (৪৭) ও তাহমিদ খানকে (২২) হয় মুক্তি দেওয়ার, না হয় তাঁদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। গত শুক্রবার এক বিবৃতিতে আন্তর্জাতিক বেসরকারি মানবাধিকার সংস্থাটি এ আহ্বান জানায়।