অপহূতদের মধ্যে আছেন শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী, ঝুট ব্যবসায়ী, স্থানীয় রাজনীতিবিদ ও চাকরিজীবী
পাঁচ জেলা থেকে অপহূত সাতজন উদ্ধার
দেশের পাঁচটি স্থান থেকে অপহূত সাতজনকে গতকাল মঙ্গলবার উদ্ধার করা হয়েছে। গাজীপুর সদর, চাঁদপুরের হাজীগঞ্জ, খাগড়াছড়ির দীঘিনালা, কক্সবাজারের চকরিয়া ও বরগুনার পাথরঘাটা থেকে এঁরা অপহূত হন। অপহূতদের মধ্যে আছেন শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী, ঝুট ব্যবসায়ী, স্থানীয় রাজনীতিবিদ ও চাকরিজীবী। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কক্সবাজারের চকরিয়া আবাসিক মহিলা কলেজের এক এইচএসসি পরীক্ষার্থীকে গতকাল পরীক্ষার হলে ঢোকার আগমুহূর্তে অপহরণ করা হয়। পরে এক ঘণ্টার মধ্যেই তাঁকে উদ্ধার করা হয়। সকাল সাড়ে নয়টায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ এলাকা থেকে তাঁকে অপহরণ করে একদল দুর্বৃত্ত। খবর পেয়ে পুলিশ ও এলাকার লোকজন মহাসড়কের বিভিন্ন স্থানে ব্যারিকেড সৃষ্টি করে। সকাল সাড়ে ১০টায় বরইতলী এলাকা থেকে মাইক্রোবাসসহ পাঁচ অপহরণকারীকে আটক এবং ওই পরীক্ষার্থীকে উদ্ধার করে পুলিশ।
চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, সকাল সাড়ে নয়টার দিকে পরীক্ষাকেন্দ্রে ঢোকার সময় একদল দুর্বৃত্ত মেয়েটিকে টেনে-হিঁচড়ে একটি মাইক্রোবাসে তুলে চট্টগ্রামের দিকে নিয়ে যেতে থাকে। থানার পুলিশ ও এলাকার লোকজনকে ঘটনাটি জানালে মহাসড়কে ব্যারিকেড দিয়ে বরইতলী এলাকা থেকে চারজনকে এবং পরে সন্ধ্যা সাতটার দিকে আরও একজনকে আটক করা হয়।
খাগড়াছড়ির দীঘিনালার হেডম্যানপাড়ার বাড়ি থেকে সোমবার গভীর রাতে অপহূত হন জাতীয়তাবাদী শ্রমিক দলের কবাখালী ইউনিয়ন শাখার সহসভাপতি সিরাজুল ইসলাম (৫০)। গতকাল ভোরে এক জঙ্গল থেকে তাঁকে উদ্ধার করা হয়। এ সময় তাঁর হাত-পা-মুখ বাঁধা ছিল। এ ঘটনায় সিরাজুল ইসলাম নিজে বাদী হয়ে উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. আলমগীর হোসেনসহ নয়জনকে আসামি করে থানায় অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। সিরাজুল ইসলামকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সিরাজুল জানান, ‘সোমবার রাত দুইটার দিকে কয়েকজন আমাকে ঘর থেকে ডেকে বের করে। এ সময় আমি ছাত্রদলের নেতা আলমগীর হোসেনকে চিনতে পারি। আমি ঘর থেকে বের হওয়ার পর আমার হাত, পা ও মুখ বেঁধে ফেলে। বাড়ি থেকে অনেক দূরে নিয়ে গিয়ে আমাকে প্রচুর মারধর করে। পরে জঙ্গলের মধ্যে ফেলে চলে যায়। আমার সঙ্গে কারও শত্রুতা নেই।’
মো. আলমগীর হোসেন বলেন, ‘আমাকে ঘটনার সাথে জড়ানো ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়।’
দীঘিনালা থানার উপপরিদর্শক (এসআই) এহতেশামুল হক বলেন, সরেজমিনে ঘটনার সত্যতা পাওয়া গেছে।
গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী এলাকা থেকে এক ঝুট ব্যবসায়ী এবং চান্দনা চৌরাস্তা এলাকা থেকে এক চাকরিজীবীকে সোমবার রাতে উদ্ধার করেছে পুলিশ। মুক্তিপণ ও শত্রুতার জের ধরে অপহরণের ঘটনা দুটি ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। উদ্ধারকৃতরা হলেন গাজীপুরের লাইফওয়ে বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং কর্মকর্তা এনামুল হক (৪৫) এবং কোনাবাড়ী এলাকার ঝুট ব্যবসায়ী নাদিম হোসেন খান (২৭)। নাদিম হোসেন শনিবার এবং এনামুল হক সোমবার দুপুরের দিকে অপহূত হন। গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চাঁদপুরের হাজীগঞ্জ বাজার থেকে সোমবার দুপুরে সাত লাখ টাকাসহ অপহূত সাখাওয়াত হোসেন (২৫) নামের এক ব্যবসায়ীকে গতকাল মঙ্গলবার কুমিল্লা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ নিয়ে দুবার অপহরণের শিকার হলেন তিনি। সকালে কুমিল্লার বিজয়পুর এলাকায় একটি দিঘিপাড়ে সাখাওয়াতকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় লোকজন। টাকাগুলো পাওয়া যায়নি।
সাখাওয়াত হোসেন জানান, ‘ব্যাংক থেকে সাত লাখ টাকা নিয়ে বের হওয়ার পর আমার পেছনে একজন লোক নেমে আসে। সে আমার মুখের সামনে একটি রুমাল ঝাড়া দেয়। এরপর আমি আর কিছু বলতে পারব না।’ সাখাওয়াতের পরিবার জানায়, আট মাস আগে জিয়ানগর এলাকা থেকে তিনি একবার অপহূত হয়েছিলেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলম জানান, ‘আমরা কুমিল্লা থেকে তাঁকে উদ্ধার করে এনেছি।’
বরগুনার পাথরঘাটা উপজেলার হাতেমপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুভাষ চন্দ্র ভট্টাচার্য ও নাসির উদ্দিনকে গতকাল মঙ্গলবার দুপুরে একদল দুর্বৃত্ত অপহরণ করার পর সন্ধ্যায় ছেড়ে দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা দেড়টার দিকে ওই বিদ্যালয় থেকে দুই শিক্ষককে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। কিন্তু পরে ওই শিক্ষকেরা দাবি করেন, তাঁরা অপহূত হননি। পাথরঘাটা থানার ওসি জি এম শাহ নেওয়াজ প্রথম আলোকে জানান, গতকাল সন্ধ্যা সোয়া সাতটার দিকে ওই দুই শিক্ষক পাথরঘাটা থানায় হাজির হন। পরে তাঁরা ওসিকে জানান, তাঁদের কেউ অপহরণ করেনি।