পাঁচ জেলা থেকে আটক ২৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর, চট্টগ্রামের লোহাগাড়া, লালমনিরহাটের পাটগ্রাম, সিরাজগঞ্জের উল্লাপাড়া ও মাগুরার শালিখায় অভিযান চালিয়ে পুলিশ ২৬ জনকে আটক করেছে। গত দুদিনের অভিযানে আটক বিএনপি ও জামায়াত-শিবিরের এসব নেতা-কর্মীর অধিকাংশের বিরুদ্ধে অবরোধের সময় নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা জানিয়েছেন বিস্তারিত:
লক্ষ্মীপুর জেলার কমলনগর, রায়পুর, রামগঞ্জ ও সদর উপজেলায় গত রোববার রাতে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৩ নেতা-কর্মীকে আটক করে পুলিশ। সহকারী পুলিশ সুপার (সার্কেল) কাজী হেলাল উদ্দিন জানান, আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পুলিশ খুনসহ নাশকতা, ভাঙচুর, হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে গতকাল চরম্বা ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমির আবু তাহেরকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া, সহিংসতার অভিযোগে নিজাম উদ্দীন, মো. আবছার ও নেজাম উদ্দীন নামে শিবিরের তিন কর্মীকে আটক করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান জানান, আবু তাহেরের বিরুদ্ধে খুনের মামলাসহ আটটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জেলহাজতে পাঠানো হয়েছে।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ও শ্রীরামপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত রোববার বিকেল ও রাতে বুড়িমারী স্থলবন্দর ও বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পাটগ্রাম থানার ওসি (তদন্ত) বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ভোটকেন্দ্রে হামলার অভিযোগ রয়েছে। সোমবার সকালে আদালতের মাধ্যমে তাঁদের লালমনিরহাট জেলহাজতে পাঠানো হয়েছে।
মাগুরার শালিখা উপজেলার সিংড়া বাজার থেকে গতকাল দুপুরে ধনেশ্বরগাতি ইউনিয়ন জামায়াতের আমির মো. ওলিয়ার রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শালিখা থানার ওসি বিপ্লব কুমার নাথ প্রথম আলোকে জানান, বেলা একটার দিকে সিংড়া বাজার থেকে ওলিয়ার রহমানকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে হরতাল-অবরোধের সময় নাশকতা সৃষ্টিসহ নানা অভিযোগ রয়েছে।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া বাজারের পাশে অবরোধ-সমর্থকেরা গত রোববার রাতে যানবাহন ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থল থেকে বিএনপির এক ও শিবিরের এক কর্মীকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন আবদুল মান্নান ও আলামিন। আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।