পাঁচ জেলা ফাইলেরিয়ামুক্ত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার দেশের পাঁচটি জেলাকে ফাইলেরিয়ামুক্ত (গোদরোগ) ঘোষণা করেছে। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। ফাইলেরিয়ামুক্ত পাঁচটি জেলা হলো মেহেরপুর, রাজশাহী, দিনাজপুর, পটুয়াখালী ও বরগুনা। রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘পাঁচটি জেলায় ফাইলেরিয়াসিস নির্মূল ঘোষণা ও কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে ফাইলেরিয়ামুক্ত পাঁচ জেলার সিভিল সার্জনদের পুরস্কৃত করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক বে-নজীর আহমেদ বলেন, মেহেরপুরে এক হাজার ৫৫৬ জন, বরগুনা ও পটুয়াখালীতে এক হাজার ৬৯২, দিনাজপুর ও রাজশাহীতে তিন হাজার ৩৮৪ জন স্কুলপড়ুয়া শিশুকে একটি জরিপের আওতায় আনা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশিত পন্থায় পরীক্ষা-নিরীক্ষার পর এই জেলাগুলোকে ফাইলেরিয়ামুক্ত ঘোষণা করা হচ্ছে। তিনি বলেন, এর আগে জেলাগুলোর সব অধিবাসীকে একনাগাড়ে পাঁচ বছর ওষুধ খাওয়ানো হয়েছিল। এখন এই পাঁচ জেলায় ওষুধের গণসেবন বন্ধ করে দেওয়া যেতে পারে। অনুষ্ঠানে জানানো হয়, ফাইলেরিয়া মশাবাহিত সংক্রামক রোগ। এ রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে প্রথম দিকে তেমন কোনো লক্ষণ না থাকলেও ক্রমশ হাত-পা, অণ্ডকোষ, যৌনাঙ্গ ও স্তন ফুলতে শুরু করে। একপর্যায়ে আক্রান্ত ব্যক্তি বিকলাঙ্গ হয়ে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহ্বানে বাংলাদেশে ২০০১ সাল থেকে ফাইলেরিয়া নির্মূল কর্মসূচি পালিত হচ্ছে। ২০১৫ সাল নাগাদ বাকি ১৪টি জেলাকে ফাইলেরিয়ামুক্ত করার লক্ষ্যমাত্রা রয়েছে। কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন: গতকাল একই স্থানে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফছারুল আমীন আনুষ্ঠানিকভাবে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করেন। এ কর্মসূচির আওতায় ৮২ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ থেকে ১২ বছর বয়সী দুই কোটি শিশুকে ২৫ থেকে ৩১ অক্টোবর বিনামূল্যে কৃমিনাশক বড়ি খাওয়ানো হবে। অনুষ্ঠানে জানানো হয়, এ দফায় স্কুলের শিশুরা স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সহযোগিতায় নিজেরাই সহপাঠীদের কৃমির ওষুধ খাওয়াবে। সরকার এই শিশুদের নামকরণ করেছে ‘খুদে ডাক্তার’। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন বলেন, ‘খুদে ডাক্তার’-এর এই ধারণাটি অভিনব। এতে শিশুদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা তৈরি হবে।বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি অরুণ বি থাপা বলেন, বিশ্বের অন্যান্য উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশেও শিশু অপুষ্টি, রক্তস্বল্পতা ও পড়ালেখায় পিছিয়ে পড়ার অন্যতম কারণ কৃমির সংক্রমণ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েত উল্লাহ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব শারফুদ্দিন আহমেদ, ফাইলেরিয়াসিস নির্মূল কর্মসূচির উপব্যবস্থাপক রুসেলী হক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব এম ইকবাল আর্সলান।