পাঁচ জেলায় আজ ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবের সঙ্গে মিল রেখে শনিবার দেশের বিভিন্ন স্থানে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপনের খবর পাওয়া গেছে। ছবিটি লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
সৌদি আরবের সঙ্গে মিল রেখে শনিবার দেশের বিভিন্ন স্থানে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপনের খবর পাওয়া গেছে। ছবিটি লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ শনিবার দেশের পাঁচ জেলায় পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন করার খবর পাওয়া গেছে। চাঁদপুর, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা, চট্টগ্রামের সীতাকুণ্ড ও পটিয়া উপজেলা, সাতক্ষীরা ও ভোলায় ঈদুল আজহা উদ্‌যাপিত হচ্ছে।

আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
চাঁদপুর
সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের ৪০ গ্রামে আজ ঈদুল আজহা উদ্‌যাপিত হচ্ছে। গ্রামের কয়েক হাজার মুসল্লি সকালে বিভিন্ন জায়গায় ঈদুল আজহার নামাজ আদায় করেন। পরে তাঁরা পশু কোরবানি দেন। দীর্ঘদিন ধরে আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে গ্রামগুলোতে মুসলমানদের দুই প্রধান উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদ্‌যাপিত হয়ে আসছে।

মঠবাড়িয়া (পিরোজপুর)
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ছয় গ্রামে আজ ঈদ উদ্‌যাপন করা হচ্ছে। সকাল নয়টায় সাপলেজার ভাইজোড়া গ্রামের খোন্দকার বাড়ি ও সাড়ে নয়টার দিকে কচুবাড়িয়া গ্রামের হাজি ওয়াহেদ আলী হাওলাদার বাড়িতে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হয়। সাপলেজা ইউনিয়নের পূর্ব সাপলেজা, ভাইজোড়া, কচুবাড়িয়া, খেতাছিঁড়া, বাদুরতরী ও চড়কগাছিয়া গ্রামের কয়েক হাজার মানুষ অনেক দিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা, ঈদ পালন করে আসছেন। সাপলেজা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন জমাদ্দার ইউনিয়নের ছয় গ্রামে ঈদুল আজহা উদ্‌যাপনের খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

সীতাকুণ্ড (চট্টগ্রাম)
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ও বাঁশবাড়িয়া ইউনিয়নের শতাধিক পরিবার আজ ঈদুল আজহা উদ্‌যাপন করছেন। সকাল নয়টায় সীতাকুণ্ডের রহমতেরপাড়া গ্রামে জাহাঁগিরিয়া জামে মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়।
পটিয়া
দক্ষিণ চট্টগ্রামের পটিয়ার ৬০টি গ্রামে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হচ্ছে। আজ সকাল নয়টায় জাহাঁগিরিয়া শাহ্‌ সুফি মমতাজিয়া দরবার শরিফ প্রাঙ্গণে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা
সাতক্ষীরা সদর, তালা, কলারোয়া ও আশাশুনি উপজেলার ১০টি গ্রামে ঈদুল আজহা উদ্‌যাপন করা হচ্ছে। আজ সকালে সাতক্ষীরার শহীদ আবদুর রাজ্জাক পৌর মিলনায়তনে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

ভোলা
ভেলার ১০টি গ্রামের মানুষ আজ শনিবার ঈদ উদ্‌যাপন করছেন। জেলার বোরহানউদ্দিন উপজেলার চারটি, তজুমদ্দিন উপজেলার তিনটি, লালমোহন উপজেলার দুটি এবং চরফ্যাশনের একটি গ্রামে ঈদ উদ্‌যাপিত হচ্ছে।