পাঁচ জেলায় আটক ১১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ও খুলনা মহানগর এলাকা, নড়াইল, সিলেট ও মৌলভীবাজার থেকে গত ২৪ ঘণ্টায় ১১২ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ঢাকায় ১০, খুলনায় ৫০, নড়াইলে ১৪, সিলেটে ৩৬ ও মৌলভীবাজারে দুজনকে আটক করা হয়েছে।

আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ঢাকা: আজ সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো মোবাইল ফোনের খুদেবার্তায় ১০ জনকে আটকের তথ্য জানায় পুলিশ। গত ২৪ ঘণ্টায় তাঁদের আটক করা হয়। পুলিশের দাবি, তাঁরা বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মী।

খুলনা: খুলনা মহানগর এলাকায় গতকাল রাতে পুলিশের বিশেষ অভিযানে ৫০ জনকে আটক করা হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শেখ মনিরুজ্জামান। তাঁর দাবি, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে তিনজনকে রাজনৈতিক বিবেচনায় আটক করা হয়েছে। বাকি ৪৭ জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।

নড়াইল: নড়াইল সদর থানা এবং জেলার আরও তিন উপজেলা থেকে গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত ১৪ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে নড়াইল সদর ও কালিয়া থেকে চারজন করে, লোহাগড়া ও নরাগাতি থেকে তিনজন করে আটক করেছে পুলিশ। নড়াইল জেলা পুলিশের নিয়ন্ত্রণকক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। পুলিশের দাবি, আটক ব্যক্তিদের চারজনকে রাজনৈতিক কারণে, অন্যদের নিয়মিত মামলায় আটক করা হয়েছে।

সিলেট: সিলেটে গত ২৪ ঘণ্টায় ৩৬ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ছয়জনকে সিলেট মহানগর এলাকা থেকে, বাকিদের জেলার ১১ থানাধীন বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) রহমত উল্লাহ জানান, মহানগর এলাকা থেকে আটক ছয়জন বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মী। তাঁদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে।
এদিকে সিলেট জেলার ১১ থানা থেকে আটক ৩০ জন নিয়মিত মামলার আসামি বলে দাবি করেছেন সিলেট জেলা অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) সুবিয়াম চাকমা। তিনি বলেন, আটক ব্যক্তিদের মধ্যে ২০ দলের কেউ নেই।

মৌলভীবাজার (জুড়ী): মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জামায়াতে ইসলামীর দুই কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, যৌথ বাহিনী গতকাল রাতে ওই দুই ব্যক্তিকে আটক করে। নাশকতায় জড়িত থাকার অভিযোগে এই দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।