পাঁচ জেলার কয়েক হাজার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে পাঁচ জেলায় কয়েক হাজার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। এসব জেলার অনেক বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। অনেক স্থানে বাঁধ ভেঙে ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছেন কৃষকেরা।আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর: জুড়ী (মৌলভীবাজার): জেলার কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলার এক হাজার ৭৭০ হেক্টর বোরো খেত তলিয়ে গেছে। জুড়ী সদর উপজেলার সোনাপুর গ্রামের কৃষক হাবিব আলী (৪০) জানান, কয়েক দিন পরই তিনি ধান কাটতেন। সেই খেত তলিয়ে গেছে। কুলাউড়া উপজেলার কাইরচক গ্রামের রজব মিয়া (৩৫) জানান, তাঁর পাঁচ বিঘা জমির ধান তলিয়ে গেছে। কুলাউড়ার উপজেলা কৃষি কর্মকর্তা খুরশীদ আলম বলেন, ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্রায় ৬৬৫ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। জুড়ীর কৃষি কর্মকর্তা বাছিরুল আলম জানান, তাঁর উপজেলায় ৪০৫ হেক্টর বোরো খেত তলিয়ে গেছে। বড়লেখার কৃষি কর্মকর্তা মোশারররফ হোসেন জানান, প্রায় ৭০০ হেক্টর জমির ফসল এখন পানির নিচে। আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কাজলা বিলের প্রায় এক হাজার হেক্টর ধানখেত পানিতে তলিয়ে গেছে। তিন দিনেও পানি না কমায় ধান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। আখাউড়া উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা শামসুল হুদা বলেন, পানি না সরায় ফসল নষ্ট হয়ে যাচ্ছে। নেত্রকোনা: জেলার খালিয়াজুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সানোয়ারুজ্জামান জানান, খালিয়াজুরী বাঁধ প্রকল্পের কীর্তনখোলা এলাকায় বাঁধ ভেঙে চেলাপায়া, বাজুয়াইল, টিক্কাওয়ালী, ঝালর বন, সোনাতলাসহ বেশ কিছু হাওরের অন্তত ১০ হাজার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। নেত্রকোনা পাউবোর নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ জানান, রোববার পর্যন্ত পাঁচ হাজার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। বানিয়াচং (হবিগঞ্জ): বানিয়াচং উপজেলার কৈয়ারঢালায় কুশিয়ারা নদীর পানি বেড়ে প্রায় ৫০০ হেক্টরের ধানখেত তলিয়ে গেছে। এ ছাড়া বাঁধ ভেঙে আজমিরীগঞ্জ উপজেলার বছিরা নদীর মাহতাবপুর বাঁধ ভেঙে এক হাজার হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে। ভেঙে যাওয়া বাঁধ ও মেরামতকাজ পরিদর্শন করেছেন স্থানীয় সাংসদ আবদুল মজিদ খান। কাগাপাশা ইউপির চেয়ারম্যান আবদুল মোতালেব জানান, বাগাহাতা হাওরের ৫০০ হেক্টর কাঁচা ধান তলিয়ে গেছে।পৈলারকান্দি ইউপির চেয়ারম্যান ইউনুস তালুকদার জানান, আজমিরীগঞ্জের বছিরা নদীর গড়দহির বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।তাহিরপুর (সুনামগঞ্জ): সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বৌলাই ও পাটলাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় হাওর রক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছে। বাঁধ ভেঙে গেলে ৩০ হাজার একর বোরো খেত তলিয়ে যাবে। রোববার রাতে স্থানীয় লোকজন বাঁধ মেরামত শুরু করেছে। মাটিয়ান হাওর উন্নয়ন কমিটির সভাপতি আবদুল জলিল তালুকদার বলেন, হাওর রক্ষায় কৃষকেরা স্বেচ্ছায় কাজ করছেন। গতকাল সোমবার সারা দিন ধরে শনি, মাটিয়ান, মহালিয়া ও গুরমার হাওরে কৃষকদের কাজ করতে দেখা যায়।