পাঁচ জেলায় অগ্নিকাণ্ডে ব্যবসাপ্রতিষ্ঠান গুদাম ও ধান পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার বামনা উপজেলার একটি বাজারে শুক্রবার অগ্নিকাণ্ডে ২১টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে এবং আগুন নেভাতে গিয়ে ১৫ জন আহত হয়েছে। পটুয়াখালীর দুমকি, খাগড়াছড়ি ও নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় গত দুই দিনে অগ্নিকাণ্ডে আরও ২৪টি দোকান ও তিনটি গুদামঘর পুড়ে গেছে। নোয়াখালীর সুবর্ণচরে অগ্নিকাণ্ডে ২০০ মণ ধান পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:বরগুনা: বামনা উপজেলার ডৌয়াতলা বাজারে শুক্রবার গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। প্রাথমিক হিসাবে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন। রাত সাড়ে ১২টার দিকে বাজারের মধ্য গলিতে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। আগুন লাগার দুই ঘণ্টা পর মঠবাড়িয়া ও কাঁঠালিয়া থেকে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। এর আগেই ব্যবসাপ্রতিষ্ঠানগুলো পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে ব্যবসায়ী রিন্টু মিয়া, সুরেশ দাস, উজ্জ্বল খাঁ, মজিবর মিয়াসহ অন্তত ১৫ জন আহত হন। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, ‘দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। ডৌয়াতলা বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি জানান, অগ্নিকাণ্ডে আনুমানিক ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পটুয়াখালী: দুমকি উপজেলার পাঙ্গাশিয়ার হাজিরহাট বাজারে শুক্রবার রাতে অগ্নিকাণ্ডে নয়টি দোকান পুড়ে গেছে। পটুয়াখালী থেকে দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। রাত আনুমানিক নয়টার দিকে বাজারের খাদেম আলীর চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন। খাগড়াছড়ি: খাগড়াছড়ি বাজারে গত শনিবার অগ্নিকাণ্ডে ১৬টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে এবং ১২টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। বেলা দুইটার দিকে খাগড়াছড়ি বাজারের নারায়ণ মন্দিরের সামনে একটি ভাঙারি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। দমকল বাহিনীর কর্মীরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খাগড়াছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক চন্দ্র শেখর দাশ জানান, অগ্নিকাণ্ডে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নোয়াখালী: সুবর্ণচরে অগ্নিকাণ্ডে প্রায় ২০০ মণ আমন ধান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার চরওয়াপদা গ্রামের বেলাল হোসেনের খামারবাড়িতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে জেলা শহরের মাইজদী থেকে দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। নারায়ণগঞ্জ: বন্দর উপজেলার ধামগড় গোকুল দাসের বাগে শনিবার রাতে অগ্নিকাণ্ডে টিটু ও আনোয়ারের তুলার তিনটি গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে তিনটি গুদামে রাখা প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মালিকপক্ষ দাবি করেছে।