পাঁচ জেলায় আটক আরও ৫৯ জন
‘প্রহসনের’ দশম জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বাতিল ও নেতা-কর্মীদের বিরুদ্ধে হামলা-মামলা-গ্রেপ্তার বন্ধের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা হরতাল-অবরোধে পাঁচ জেলা থেকে আরও ৫৯ জনকে আটক করেছে যৌথ বাহিনী। এদের মধ্যে লক্ষ্মীপুরে ১১ জন, কুমিল্লায় ৩২ জন, বগুড়ায় ১০ জন, নীলফামারীতে তিনজন এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে তিনজনকে আটক করা হয়।
হরতাল-অবরোধ কর্মসূচি চলাকালে নাশকতার অভিযোগ ও বিভিন্ন মামলায় গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত তাঁদের আটক করা হয়। এই ব্যক্তিদের প্রায় সবাই বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মী বলে দাবি করে পুলিশ।
প্রথম আলোর সংশ্লিষ্ট স্থানের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
লক্ষ্মীপুরে বুধবার রাতে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায়, আটক ব্যক্তিরা হলেন সদর উপজেলার মো. ইদ্রিস, রামগঞ্জের আ. মান্নান, শাহাদৎ হোসেন, ওমর ফারুক, রায়পুরের তসলিম উদ্দিন, আ. সাইদ, কমলনগরের কামাল হোসেন, মো. ইউসুফ, মো. জাহাঙ্গীর আলম, গিয়াস উদ্দিন, জাফর আহামঞ্চদ।
কুমিল্লায় বিএনপি ও জামায়াত-শিবিরের ৩২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাত থেকে গতকাল ভোর পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। মনোহরগঞ্জ থেকে ৩০ জন ও লাকসাম থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।
বগুড়ার শেরপুর থানার পুলিশ বুধবার রাতে উপজেলার আড়ংশাইল ও সাগরপুর গ্রাম থেকে নয়জনকে আটক করেছে। গতকাল তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, এঁদের মধ্যে চারজন বিএনপির ও পাঁচজন জামায়াতের কর্মী। আটক ব্যক্তিরা হলেন সাগরপুর গ্রামের বিএনপির কর্মী কান্দু চন্দ্র, আড়ংশাইল গ্রামের ওসমান আলী, মো. কাজিমুদ্দিন ও শহিদুল ইসলাম এবং আড়ংশাইল গ্রামের জামায়াত কর্মী আইয়ুব আলী, আবদুল মান্নান, মো. শাহ আলম, ইসমাইল হোসেন ও আবদুল করিম। বগুড়ার ধুনটে এক আওয়ামী লীগ নেতার দায়ের করা বিস্ফোরক মামলায় বুধবার রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়ন জামায়াতের কর্মী সাইদুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করেছে। তবে সাইদুলের দাবি, তাঁকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে।
নীলফামারীতে ভোটকেন্দ্রে হামলা ও সহিংসতায় জড়িত থাকার অভিযোগে করা মামলায় বুধবার রাতে ডিমলায় তিনজনকে আটক করা হয়। তাঁরা হলেন গয়াবাড়ী গ্রামের জামায়াত কর্মী মোস্তাফিজুর রহমান, শিবির কর্মী আলমগীর হোসেন ও দক্ষিণ গয়াবাড়ী গ্রামের বিএনপির কর্মী আশিয়ার রহমান।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বুধবার রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন উপজেলার ভরাজাঙ্গাল গ্রামের শিবির কর্মী কামাল উদ্দিন, দেলি গ্রামের বিএনপি নেতা আবু কাউছার ও গোপীনাথপুর গ্রামের শিবির কর্মী মো. রবিউল মিয়া।