পাঁচ জেলায় একাই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মোটরযান পরিদর্শক তোহা মিয়া। তাঁর কর্মস্থল বিআরটিএ রংপুর কার্যালয়ে। নিয়মানুযায়ী রংপুর জেলার মধ্যেই তাঁর কাজ সীমাবদ্ধ থাকার কথা। কিন্তু তিনি একাই পাঁচ জেলার পরিদর্শকের দায়িত্ব পালন করছেন। জেলাগুলো হচ্ছে গাইবান্ধা, রংপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট ও কুড়িগ্রাম। ফলে যানবাহনের নিবন্ধন (রেজিস্ট্রেশন) করাতে ও ড্রাইভিং লাইসেন্স পেতে গ্রাহকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।পরিদর্শক তোহা মিয়া বলেন, ‘ঝুঁকি নিয়ে আজ এ জেলায়, কাল ও জেলায় যেতে হচ্ছে। এভাবে সপ্তাহের পাঁচ দিন পাঁচ জেলার দায়িত্ব পালন করতে গিয়ে হিমশিম খাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘প্রয়োজনীয় লোকবল চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন জানিয়েও কোনো কাজ হচ্ছে না।’ গাইবান্ধা বিআরটিএ কার্যালয় সূত্রে জানা যায়, যানবাহন বেড়ে যাওয়ায় নিবন্ধন ও ড্রাইভিং লাইসেন্সের চাপ বেড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক গাইবান্ধা বিআরটিএ কার্যালয়ের এক কর্মচারী বলেন, ‘কর্মকর্তা না থাকায় বেশির ভাগ সময় কার্যালয় বন্ধ রাখতে হচ্ছে।’