পাঁচ জেলায় ওসিসহ নিহত ছয়জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড় (খাঁটিহাতা) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর ও তাঁর গাড়িচালক ওয়ারিস মিয়া। ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুর এলাকায় গতকাল সোমবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে। এ ছাড়া চার জেলায় সড়ক দুর্ঘটনায় আরও চারজনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে গত ১২০ দিনে দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ হাজার ৪৭ জনের। ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয়, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

নরসিংদীর ইটখোলা হাইওয়ে থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, ওসি হুমায়ুন কবীর (৫০) প্রাইভেট কারে ঢাকা যাচ্ছিলেন। নরসিংদীর শিবপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী একটি ট্রাকের সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। তিনি আরও বলেন, ওসির গাড়িচালক ওয়ারিস মিয়া (৪০) জামালপুরের মেলান্দহ উপজেলার বাসিন্দা ছিলেন। পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে এর চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

চট্টগ্রাম-নাজিরহাট সড়কের হাটহাজারীর ফরহাদাবাদ মুছাবিয়া এলাকায় গত রোববার মধ্যরাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি জিপ খালে পড়ে পীরজাদা মোহাম্মদ আকতারুজ্জামান চৌধুরী (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। নিহত আকতারুজ্জামান পাহাড়তলী থানার কাট্টলী বশির ভান্ডার দরবার শরিফের বদু চৌধুরী বাড়ির শাহ্ সুফি জালাল চৌধুরীর ছেলে।

ঝিনাইদহের মহেশপুরে খালিশপুর-মহেশপুর সড়কের সাহেবদাড়ি এলাকায় গতকাল সকালে সড়ক দুর্ঘটনায় আবদুল লতিফ (৭০) নামের এক অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত হয়েছেন। তিনি উপজেলার ফতেপুর গ্রামের বাসিন্দা। মহেশপুর থানার ওসি বলেন, সাহেবদাড়ি এলাকায় একটি যাত্রীবাহী মিশুক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মিশুকের যাত্রী আবদুল লতিফ মিশুক থেকে ছিটকে নিচে পড়ে যান।

কিশোরগঞ্জের পাকুন্দিয়া-কিশোরগঞ্জ সড়কের আলুর স্টোর বাজার এলাকায় গতকাল সকালে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় মো. হারিস মিয়া (৫২) নামের এক পথচারীর মৃত্যু হয়। নিহত হারিস মিয়া পৌর সদরের টানলক্ষ্মিয়া গ্রামের বাসিন্দা।

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় গতকাল সকালে গাড়িচাপায় কোহিনুর রহমান (৫০) নামের এক ইজিবাইকচালক নিহত হয়েছেন। তাঁর বাড়ি জেলার সিঙ্গাইর উপজেলার ছোট কালিয়াকৈর গ্রামে।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পলোয়ানের পোল নামক স্থানে গতকাল দুপুরে সড়ক দুর্ঘটনায় দৈনিক জনকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি গিয়াস উদ্দিন ফরহাদ (৫০) গুরুতর আহত হয়েছেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চৌমুহনী শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। গিয়াস উদ্দিনের আত্মীয় মো. কবির বলেন, এক আত্মীয়ের প্রাইভেট কারে চৌমুহনীর বাসায় ফিরছিলেন গিয়াস উদ্দিন। নোয়াখালী-লক্ষ্মীপুর মহাসড়কে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়।